বসতি স্থাপনকারীদের ১৫ দিনের মধ্যে সরে যাওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধাদের নামে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের পাবলাখালী মৌজায় অবৈধভাবে জমি দখলের স্থান পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। অবৈধভাবে জায়গা দখলের প্রমাণ পেয়ে তাঁরা বসতি স্থাপনকারীদের ১৫ দিনের মধ্যে দখলদারিত্ব ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন। আদিবাসীরা জানান, মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটির নামে সম্প্রতি একটি সংগঠন বন বিভাগের পাবলাখালী রেঞ্জের সংরক্ষিত বন এলাকা দখল শুরু করে। তারা আদিবাসীদের খালি জায়গা দখল করে বাড়িঘর নির্মাণ করছে। আদিবাসীদের এ অভিযোগের পরিপ্রেক্ষিতে বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা, ভাইস-চেয়ারম্যান দীপ্তিমান চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বশিরুল হক ভূঁইয়া, লংগদু উপজেলার ইউএনও খয়বর রহমান, বাঘাইছড়ি ও লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাইম উদ্দিন ও জুলফিকার মোহাম্মদ গাজ্জালি, খেদারমারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুচিত্র চাকমা, আটরকছড়া ইউপি চেয়ারম্যান মঙ্গল কুমার চাকমা, মৌজাপ্রধান (হেডম্যান) শাক্য উজ্জ্বল চাকমা গত শুক্রবার সকালে এলাকা পরিদর্শন করেন।সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা ভূমির মানচিত্র দেখে নিশ্চিত হন, মুক্তিযোদ্ধাদের নামে দখল করা জায়গা খেদারমারা ও আমতলী মৌজার অংশ। অথচ জেলা প্রশাসনে মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটির নামে জমি বন্দোবস্ত পাওয়ার যে আবেদন করা হয়েছে, তাতে জায়গাটি লংগদু উপজেলায় বলে উল্লেখ রয়েছে। সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা এলাকাটি পরিদর্শন শেষে সেখানে বসতি স্থাপনকারীদের সঙ্গে বৈঠক করেন। এ সময় কর্মকর্তারা জায়গা বন্দোবস্তের দলিল এবং মুক্তিযোদ্ধার সনদপত্র দেখতে চাইলে বসতি স্থাপনকারীরা দেখাতে পারেননি। তাঁরা জানান, তাঁরা মুক্তিযোদ্ধা না হলেও মুক্তিযোদ্ধাদের আত্মীয় এবং সবাই ভূমিহীন। প্রশাসনের কাছে তাঁরা জায়গা বন্দোবস্ত পাওয়ার আবেদন করেছেন। ইউএনও বশিরুল হক ভূঁইয়া বলেন, সরকারি দলিল না পাওয়া পর্যন্ত জায়গা দখল একটি অপরাধ। তা ছাড়া যে প্রক্রিয়ায় জায়গা দখল করা হয়েছে, তা সম্পূর্ণ বেআইনি। ১৫ দিনের মধ্যে অবৈধভাবে তৈরি বাড়িঘর সরিয়ে নিতে হবে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।উল্লেখ্য, মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটির সভাপতি বাচ্চু মিয়া দাবি করেছিলেন, বসতি স্থাপনকারীরা সবাই ভূমিহীন মুক্তিযোদ্ধা। দখল করা স্থান পরিদর্শনকালে বাচ্চু মিয়াসহ সোসাইটির কোনো নেতাকে পাওয়া যায়নি।