বসন্ত এল আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ পয়লা ফাল্গুন। গাছে গাছে ফুটেছে বসন্তের ফুল। সেই ফুলে পাখিরা নেচে নেচে জানান দিচ্ছে এসেছে বসন্ত। ছবিটি গতকাল দুপুরে সিলেটের চণ্ডীপুল এলাকা থেকে তোলা l প্রথম আলো
আজ পয়লা ফাল্গুন। গাছে গাছে ফুটেছে বসন্তের ফুল। সেই ফুলে পাখিরা নেচে নেচে জানান দিচ্ছে এসেছে বসন্ত। ছবিটি গতকাল দুপুরে সিলেটের চণ্ডীপুল এলাকা থেকে তোলা l প্রথম আলো

বসন্ত এল। কুয়াশার আঁচল সরিয়ে ঋতুরাজ সোনালি রোদে ভরে দিচ্ছে আকাশ। প্রাণের উষ্ণতা সঞ্চার করছে শীতে মৃতপ্রায় প্রকৃতিতে। শিমুল-পলাশ-অশোকের শাখা ভরে উঠেছে রক্তিম ফুলের সম্ভারে। মাঝে বয়ে যাওয়া দমকা হাওয়ায় দুলে উঠছে সেই কুসুমশোভিত শাখা। ঝরে যাচ্ছে পুরোনো জীর্ণ মলিন পাতা। নতুন কিশলয়ের পসরা তরুলতায়। যেন নতুন হয়ে উঠেছে পুরোনো পৃথিবী। রবীন্দ্রনাথের গান দিয়েই বসন্তবরণের প্রসিদ্ধ রেওয়াজ— ‘মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে,/ মধুর মলয়সমীরে মধুর মিলন রটাতে।।’
মন উচাটন করা কুহু কুহু গান গাইছে কোকিল। প্রকৃতিতে জেগে ওঠা এই বিপুল প্রাণের স্পন্দন, বুনো ফুলের গন্ধমাখা বহতা বাতাস মানুষের মনেও এক অনির্বচনীয় গভীর আবেগ জাগিয়ে তোলে। ঘুচে যায় সকল দ্বিধা-সংকোচের বাধা। শীতে হতশ্রী প্রকৃতিকে লাবণ্য সুষমা ফিরিয়ে দেওয়ার জন্য যেমন ঋতুরাজ বলে বসন্তের খ্যাতি, তেমনি সে যৌবন ও প্রেমের ঋতু হিসেবেও সমাদৃত হয়েছে বাঙালির কাছে।
রাজধানীর কৃত্রিম পরিবেশে বসন্তে প্রকৃতির নয়নাভিরাম সৌন্দর্য উপভোগের সুবিধা বিশেষ নেই। তা সত্ত্বেও বসন্তবিমুখ নন ব্যস্ত নগরবাসী। পোশাক-আশাকে থাকে রঙের বাহার। সাজসজ্জায় ফুলের সংযোগ। অমর একুশের গ্রন্থমেলা থেকে শুরু করে উদ্যান, পার্কগুলোতে নবীনদের প্রাণখোলা আড্ডা, উচ্ছ্বাস। আর বরাবরই নানা আয়োজনে বসন্তবরণের ঘটা থাকে শহরজুড়ে। ব্যতিক্রম হবে না এবারও।
নগরে বসন্ত উৎসব
নগরজুড়েই নানা আয়োজনে বসন্তবরণের উদ্যোগ রয়েছে। জাতীয় বসন্ত উৎসব উদ্যাপন পরিষৎ ‘এসো মিলি প্রাণের উৎসবে’ শীর্ষক দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে। সকাল সাতটা থেকে একযোগে এই উৎসবের কার্যক্রম শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় শিল্পী মতিয়ার রহমানের সারেঙ্গি বাদন ও অসিত কুমার দের উচ্চাঙ্গ সংগীতের ভেতর দিয়ে উৎসবের সূচনা হবে। দিনভর চলবে অনুষ্ঠান। এ ছাড়া বিকেল চারটা থেকে অনুষ্ঠান হবে পুরোনো ঢাকার বাহাদুরশাহ পার্ক, ধানমন্ডির রবীন্দ্রসরোবর উন্মুক্ত মঞ্চ এবং উত্তরার ৩ নম্বর সেক্টরের রবীন্দ্রসরণির উন্মুক্ত মঞ্চে। এসব অনুষ্ঠানে দেশের নবীন-প্রবীণ শিল্পীরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করবেন। এ ছাড়া থাকবে আলোচনা ও প্রীতিবন্ধন।
এ ছাড়া সমগীত সাংস্কৃতিক প্রাঙ্গণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের বটতলায় বসন্তবরণ উৎসবের আয়োজন করেছে। সকাল ১০টায় উৎসবের উদ্বোধন করবেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। সংগীত, নৃত্য ছাড়াও থাকবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও শোভাযাত্রা।