বসন্ত ছুঁয়েছে মন
বইছে ফাগুন-হাওয়া। দুলছে ফুল। শিমুল, পলাশ, অশোক, আম্র মুকুলের সৌরভ আর কোকিলের কুহু সুরে প্রকৃতি মাতোয়ারা। ঋতুরাজ এসেছে। বাসন্তী রঙে সেজেছে নারী-পুরুষ-শিশু। বসন্ত ছুঁয়েছে মন। বর্ণাঢ্য আয়োজনে চলছে বসন্তবরণ।
রাজধানীর বিভিন্ন স্থানে আজ বৃহস্পতিবার বসন্তবরণের উত্সব চলছে। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় বসন্তবরণ শুরু হয়। বাসন্তী শাড়ি পরে, খোঁপায় গাঁদা ফুলের মালা দিয়ে বিভিন্ন বয়সী নারীরা হাজির হয়েছেন বকুলতলায়। পুরুষের পোশাকে প্রাধান্য পেয়েছে উজ্জ্বল রঙের পাঞ্জাবি-ফতুয়া। গান, আড্ডা, ঘোরাঘুরি, উচ্ছ্বাস-উদ্দীপনায় সময় কাটছে ফুরফুরে।
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সীরা আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। পুরো ক্যাম্পাস সেজেছে প্রকৃতির রঙে। রাস্তা-ঘাট, অফিস-আদালত, ব্যবসাপ্রতিষ্ঠান থেকে শুরু করে সব জায়গায়ই বাসন্তী রঙের ছটা।
রাজধানীর ফুল-বিক্রেতারা নানা রঙের ফুলের পসরা সাজিয়ে বসেছেন। দেদার কেনাকাটা চলছে। খোঁপার পাশাপাশি ফুলের অলংকার শোভা পাচ্ছে নারীদের হাত ও গলায়ও।
পুরান ঢাকার বাহাদুরশাহ পার্কে বসন্ত উত্সবের অনুষ্ঠান শুরু হওয়ার কথা বিকেল সাড়ে চারটায়। ধানমন্ডির রবীন্দ্রসরোবরে অনুষ্ঠান বিকেল চারটায়। জাতীয় বসন্ত উত্সব উদযাপন পরিষদ এই উত্সবের আয়োজন করেছে।