বসন্তবরণে নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল শুক্রবার পয়লা ফাল্গুন। বছর ঘুরে দুয়ারে বসন্ত। তাই প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে রঙিন সাজে সাজছে নগর। থাকবে নানা আয়োজন। সকাল থেকেই শোভাযাত্রা, নাচ, গান, আবৃত্তি ও নাটকের আয়োজনে বসন্তকে বরণ করে নেবেন সংস্কৃতিপ্রেমীরা।
বোধন: ১৩ ফেব্রুয়ারি বোধন আবৃত্তি পরিষদের উদ্যোগে নগরের ডিসি হিল প্রাঙ্গণে সকাল আটটায় শুরু হবে বসন্ত উৎসব। মঞ্চে নৃত্যের ছন্দে আবৃত্তিশিল্পী রণজিৎ রক্ষিতের আবৃত্তির রূপায়ণের মাধ্যমে শুরু হবে এ আয়োজন। এতে রয়েছে একক ও বৃন্দ আবৃত্তি, লালন ও লোকসংগীত, আঞ্চলিক ও আধুনিক গান, ঢোলবাদন ও নাচ। বেলা তিনটায় উৎসব প্রাঙ্গণ থেকে বের হবে শোভাযাত্রা। শেষে বিকেলে ডিসি হিল প্রাঙ্গণ পুনরায় মেতে উঠবে সাংস্কৃতিক পরিবেশনায়। রাত নয়টায় শেষ হবে এ আনন্দ আয়োজন।
প্রমা: নগরের চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গণে ১৩ ফেব্রুয়ারি বসন্ত উৎসবের আয়োজন করছে প্রমা আবৃত্তি সংগঠন। সকাল আটটায় ঢোলবাদনের মাধ্যমে বরণ করে নেওয়া হবে ঋতুরাজ বসন্তকে। এরপর মঞ্চে থাকবে ভায়োলিনের সুরের মূর্ছনা। এতে থাকছে একক ও বৃন্দ আবৃত্তি, দলীয় ও আদিবাসী নৃত্য, কবির কণ্ঠে কবিতা পাঠ এবং সংগীতের পরিবেশনা। এ ছাড়া থাকবে প্রিমিয়ার ও চিটাগাং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দলীয় পরিবেশনা। শেষে রাত নয়টায় শিল্পী সামিনা চৌধুরীর গানে শেষ হবে অনুষ্ঠান।
উদীচী: ফাল্গুনের দ্বিতীয় দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সাজবে অপরূপ সাজে। ১৪ ফেব্রুয়ারি এখানে বসন্তবরণের আয়োজন করছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদ। সকাল সাড়ে ১০টায় শোভাযাত্রার মাধ্যমে শুরু হবে অনুষ্ঠান। এতে থাকবে বাউল ও লোকগান, গণসংগীত, আদিবাসী নৃত্য, আবৃত্তি ও নাটকের পরিবেশনা।