বসন্তে আজ রঙিন হবে মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংস্কৃতি ভাবনা কামাল লোহানী, চান্দের আলো কদ্দুর আনোয়ারা সৈয়দ হক, মায়ানগর ইমদাদুল হক মিলন, আমি রোহিঙ্গা কামরুজ্জামান কামু
সংস্কৃতি ভাবনা কামাল লোহানী, চান্দের আলো কদ্দুর আনোয়ারা সৈয়দ হক, মায়ানগর ইমদাদুল হক মিলন, আমি রোহিঙ্গা কামরুজ্জামান কামু
>
  • মেলায় বসন্তের আগাম আভাস মিলেছিল গতকালই।
  • মেলায় ক্রেতা-বিক্রেতা সবার মুখে প্রসন্ন হাসি।
  • এবার প্রথম দিন থেকেই বিক্রি দারুণ।
  • আজ মেলা চলবে বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত।

বইমেলা এলে বসন্ত আসে, আর বসন্ত এলে রঙে রঙে আরও বর্ণাঢ্য হয়ে ওঠে বইমেলা। এবারও তার ব্যত্যয় হবে না। ঋতুরাজের আবির্ভাবে আজ বৃক্ষরাজিশোভিত সোহরাওয়ার্দী উদ্যান আর বাংলা একাডেমির প্রাঙ্গণে বিপুল প্রাণের স্পন্দনে উচ্ছ্বসিত হয়ে উঠবে অমর একুশে গ্রন্থমেলা।

মেলায় বসন্তের আগাম আভাস মিলেছিল গতকালই। সোমবার মাঘের শেষ সন্ধ্যায় বাংলা একাডেমি আর সোহরাওয়ার্দী উদ্যানের মাঝের রাস্তা থেকে দিব্যি শোনা যাচ্ছিল কোকিলের মন উচাটন করা ডাকাডাকি। বর্ধমান হাউসঘেঁষা আমতলায় বাতাসে আমের মুকুলের ম-ম গন্ধ। তরুণীদের অনেকেই বাসন্তী শাড়ি আর মাথায় ফুলের টায়রা জড়িয়ে যেন বসন্তের আগাম মহড়া দিয়ে নিলেন মেলা, সোহরাওয়ার্দী উদ্যানে আর টিএসসির মোড়ে।

গতকাল মেলায় ক্রেতা-বিক্রেতা সবার মুখেই ছিল প্রসন্ন হাসি। এবার প্রথম দিন থেকেই বিক্রি দারুণ। গতকালও তাই ছিল। বেলা তিনটা থেকেই মানুষের প্রবাহ। সন্ধ্যা নাগাদ রীতিমতো ভিড়। লেখকেরা এসেছেন। এসেছেন মন্ত্রী, রাজনীতিবিদ, অভিনয় ও সংগীত তারকারা। পরিবেশ ছিল মন ভালো করে দেওয়ার মতোই।

সময় প্রকাশনের প্যাভিলিয়নে ভিড়। অনেক নতুন বইয়ের সমাহার এখানে। সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর গতকাল আনিসুল হকের মা বইটির ৭৫তম মুদ্রণের বিশেষ মোড়ক উন্মোচন করলেন। সময় প্রকাশনের প্যাভিলিয়ন থেকে সংস্কৃতিমন্ত্রী চলে যান প্রথমা প্রকাশনের প্যাভিলিয়নে। সেখান থেকে নিয়েছেন হরিশংকর জলদাসের নোনাজলে ডুবসাঁতার, শাহীন আখতারের অসুখী দিন, আখতার হুসেনের সংকলন গোপাল ভাঁড়ের সেরা গল্পসহ বেশ কিছু বই। অন্যপ্রকাশ, আগামী, জার্নিম্যানের প্যাভিলিয়নে ঘুরে আরও বই কিনে মন্ত্রী বললেন, ‘কালও (আজ) আসব মেলায়।’

নাটক-চলচ্চিত্রনির্মাতা অনিমেষ আইচ ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনা একসঙ্গে এসেছিলেন সন্ধ্যার আগে আগে। দুজনেরই বই এসেছে তাম্রলিপি থেকে। বিকেল থেকে বাসন্তী রঙের শাড়িতে কণ্ঠশিল্পী পুতুলের উজ্জ্বল উপস্থিতি ছিল প্রিয়মুখ প্রকাশনীর সামনে। এখান থেকে এসেছে তাঁর লেখা উপন্যাস একটি মনস্তাত্ত্বিক আত্মহনন এবং তার পুতুলকাব্যিক প্রতিবেদন।

বাংলা একাডেমির তথ্যকেন্দ্রের হিসাবমতো, গতকাল মেলায় নতুন ১২৬টি বই এসেছে। এর মধ্যে প্রথমা প্রকাশন এনেছে ইমদাদুল হক মিলনের মায়ানগর, শহীদ কাদরীর গোধূলির গান, সৈয়দ শামসুল হকের বালিকার চন্দ্রযান, আনিসুল হকের আলো-আঁধারের যাত্রী, মন্দিরা ভট্টাচার্যের ঢাকার স্মৃতি ও ডাক্তার নন্দী, আহমাদ মোস্তফা কামালের নিরুদ্দেশ যাত্রা। এ ছাড়া মেলায় বাতিঘর এনেছে কামরুজ্জামান কামুর আমি রোহিঙ্গা। গ্রন্থকানন এনেছে কামাল লোহানীর সংস্কৃতি ভাবনা। মাওলা ব্রাদার্স এনেছে আনোয়ারা সৈয়দ হকের চান্দের আলো কদ্দুর।

এ ছাড়া মেলায় অ্যাডর্ন পাবলিকেশনস এনেছে মোস্তফা পাশার ভালোবাসার শিকড়ে সমর্থ বৃক্ষের গান। এশিয়া পাবলিকেশন্স এনেছে সেলিনা হোসেনের পদশব্দ। পাঞ্জেরী এনেছে শাকুর মজিদের হাছনজানের রাজা। জাগৃতি এনেছে আবুল বাসার লিটনের প্রেমের দ্বীপ-তাহিতি। নালন্দা প্রকাশনী এনেছে গীতিকবি লতিফুল ইসলাম শিবলীর উপন্যাস দখল। অনিন্দ্য প্রকাশ এনেছে মোশতাক আহমেদের প্রজেক্ট ইক্টোপাস। কবি এনেছে নির্মলেন্দু গুণের প্রথম দিন। চিত্রা প্রকাশনী এনেছে কবি রফিক আজাদের গদ্যরচনার সংকলন গদ্যের গহন অরণ্যে। তৃপ্তি প্রকাশ কুঠি এনেছে এস এম সুলায়মানের কাজলের অনার্তবা। রয়েল পাবলিশার্স এনেছে কবি নাসির আহমেদের প্রতীক্ষা তোমার জন্যে। কথাপ্রকাশ এনেছে রেজানুর রহমানের মায়া।

আজ মেলা চলবে বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত।