বসন্তে কালবৈশাখী
ঢাকাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন স্থানে আজ শুক্রবার সন্ধ্যার পর প্রচণ্ড ঝড় বয়ে গিয়েছে। দমকা ঝোড়ো হাওয়াসহ কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হয়েছে। সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত ঢাকায় পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামছুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, এটি মূলত কালবৈশাখী। এ ঝড়ের প্রভাবে অনেক জায়গায় ব্যাপক বৃষ্টি হচ্ছে। অধিদপ্তর থেকে জানা যায়, ঢাকাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বরিশাল, খুলনাসহ আশপাশের জেলাগুলোতে এ ঝড় আঘাত হানে। ঝড়ের প্রভাবে এসব অঞ্চলে ব্যাপক বৃষ্টি হচ্ছে।
এদিকে কাল শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।