বসন্তে ছোট্টমণি



হিমশীতল হাওয়ার দিন শেষে প্রকৃতি সাজতে চলেছে বসন্তের সাজে। বসন্তকে বরণ করে নিতে বড়দের পাশাপাশি তৈরি ছোটরাও। ছোট্টমণিদের পোশাক ও সাজসজ্জায় থাকছে হলুদ, বাসন্তী, কমলা, হালকা সবুজ ও লাল রঙের প্রাধান্য। বিভিন্ন রঙের মিশেলে তৈরি করা পোশাক বেশি পছন্দ করছে ছোটরা।
ফ্যাশন হাউস অঞ্জন’সের ব্যবস্থাপক রেজাউল করিম জানান, এবার শিশুদের জন্য আছে ফ্রক, শাড়ি, সালোয়ার-কামিজ আর পাঞ্জাবি। প্রধানত হলুদ আর হালকা সবুজ রঙের মধ্যেই তাদের পোশাকগুলো তৈরি। কে ক্র্যাফটের পোশাকে আবার দেখা গেল লাল ও হলুদ রঙের প্রাধান্য।

ফ্যাশন হাউস রঙে পাওয়া যাচ্ছে সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, ফতুয়া ও শার্ট। হলুদ আর কমলা রঙের মিশেলে তৈরি পোশাকগুলোতে করা হয়েছে অ্যাপ্লিক, এমব্রয়ডারি আর স্ক্রিনপ্রিন্টের নকশা, জানালেন সেখানকার ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম।
আড়ংয়ে বাচ্চাদের জন্য রয়েছে লাল ও হলুদ রঙের পোশাক। ফ্রক, স্কার্ট-টপস, পাঞ্জাবি ও ফতুয়া রয়েছে, জানিয়েছেন সেখানকার বিক্রয় সহকারী আবদুল্লাহ আল মামুন।
এ তো গেল পোশাকের কথা। এর বাইরেও তো সাজসজ্জার কমতি নেই। একটু বড় যারা, তারা বিভিন্ন হালকা অলংকারেও সাজতে পারে পয়লা ফাল্গুনের দিনে। বসন্তের নানা ফুলকে বরণ করে নিতে ছোট্টমণিরা নিজেরাও ফুল দিয়ে সাজতে পারে। বিভিন্ন ফুলের দোকানে পাওয়া যাবে মাথায় পরার গোল মুকুট, যার পুরোটাই ফুল দিয়ে সাজানো। ছোট্ট হাতে পরিয়ে দিতে পারেন রংবেরঙের চুড়ি। আবার নানা রকম হ্যান্ডব্যান্ডও আছে।
পোশাকের দরদাম
বিভিন্ন ফ্যাশন হাউসে বাচ্চাদের পাঞ্জাবি পাবেন ৬০০ থেকে এক হাজার ৫০০ টাকার মধ্যে। ফতুয়া ও শার্ট পাওয়া যাবে ৩৫০ থেকে এক হাজার ৫০ টাকার মধ্যে। ফ্রকের দাম পড়বে ৮০০ থেকে এক হাজার ২০০ টাকা। সালোয়ার-কামিজ পাবেন ৮০০ দুই হাজার ৫০০ টাকার মধ্যে। শাড়ির দাম পড়বে ৮৫০ থেকে এক হাজার ৫০০ টাকা।