বসন্তের অকাল বৃষ্টিতে চট্টগ্রামবাসীর দুর্ভোগ
বসন্তের অসময়ের বৃষ্টিতে চট্টগ্রামে চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী। হঠাৎ বৃষ্টিতে নগরের বিভিন্ন স্থানে নালা-নর্দমাগুলো তলিয়ে গেছে। এ ছাড়া পানির পাইপলাইন বসানোর জন্য রাস্তা খোঁড়াখুঁড়ির ফলে অনেক জায়গায় কাদাপানি জমে গেছে।
এর ফলে কর্মস্থলের উদ্দেশে বের হওয়া মানুষকে ভোগান্তি পোহাতে হয়। তবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অভিভাবকেরা।
গত রোববার বিকেলে নগরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। টানা এই বৃষ্টি অব্যাহত ছিল গতকাল সোমবার দুপুর পর্যন্ত। চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তরের তত্ত্বাবধায়ক নূর মোহাম্মদ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। কাল মঙ্গলবারও চট্টগ্রামে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে অকাল বৃষ্টিতে নগরে স্বাভাবিকের তুলনায় যানবহন কম দেখা গেছে। রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার চালকেরা এই সুযোগে স্বাভাবিকের তুলনায় বেশি ভাড়া আদায় করেন যাত্রীদের কাছ থেকে।
আরিফুল ইসলাম নামের বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এক ব্যক্তি জানান, নগরের চেরাগী মোড় থেকে জিইসি মোড় পর্যন্ত রিকশা ভাড়া ৩০ টাকা। কিন্তু বৃষ্টির অজুহাতে রিকশাওয়ালাও ভাড়া হাঁকিয়েছেন স্বাভাবিকের চেয়ে বেশি। অনেক দফা-রফার পর ৫০ টাকায় রাজি হন রিকশাওয়ালা।
অকাল বৃষ্টিতে চট্টগ্রামের হালিশহর, চকবাজার, বাকলিয়া, মুরাদপুর, আগ্রাবাদ এলাকায় নালা-নর্দমা উপচে সড়কে পানি জমে বিভিন্ন স্থানে কাদার সৃষ্টি হয়েছে।