বসন্তের আমেজে উদ্যাপিত হয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই দশক পূর্তি উৎসব। বাসন্তী রঙের বর্ণিল পোশাকে শোভাযাত্রা, আলোচনা, আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল রোববার দিনটি উদ্যাপন করা হয়।সকাল সাড়ে নয়টায় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় উৎসবের। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ উদ্দিন বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। সকাল ১০টায় উপাচার্য ভবনের সামনে থেকে বের করা হয় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। এতে মন্ত্রী, উপাচার্য ছাড়াও শিক্ষক, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।পরে মুক্তমঞ্চে আয়োজন করা হয় আলোচনা অনুষ্ঠানের। উপাচার্যের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, শিক্ষায় বিনিয়োগ মানেই হচ্ছে উজ্জ্বল ভবিষ্যৎ। আজকের দিনে বিশ্বব্যাপী উন্নয়নের প্রধান হাতিয়ারই হচ্ছে শিক্ষা।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ইলিয়াসউদ্দিন বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংসদ হাফিজ আহমদ মজুমদার, সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য আতফুল হাই শিবলী, অধ্যাপক তাজুল ইসলাম, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এস এম সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক এম এ গনি ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি আ ন ম শফিকুল হক। সমাপনী বক্তৃতা দেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ইশফাকুল হোসেন।পরে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উপাচার্য ছদরুদ্দিন আহমদ চৌধুরীকে সম্মাননা পদক দেওয়া হয়। খেলাধুলার ক্ষেত্রে কৃতিত্বের জন্য শিক্ষার্থী শ্রাবণী মজুমদার ও দেওয়ান তানভির আহমদকে দেওয়া হয় ব্লু পদক। সোয়াইন ফ্লু ভাইরাস সম্পর্কে গবেষণার জন্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক শাখিনুর ইসলাম মণ্ডল এবং রাজস্ব আদায় ও দুর্নীতিবিষয়ক গবেষণায় বিশেষ কৃতিত্বের জন্য অর্থনীতি বিভাগের শিক্ষক আবদুল মুনীম জোয়ার্দারকে দেওয়া হয় ‘উপাচার্য পদক’।উৎসবের শেষ পর্যায়ে অনুষ্ঠিত হয় ‘শিক্ষা-আড্ডা’। এ পর্বে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে শিক্ষার্থীরা নানা প্রশ্ন করেন। মন্ত্রী এসব প্রশ্নের বিস্তারিত জবাব দেন। সন্ধ্যায় হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।১৯৯১ সালের ১৩ ফেব্রুয়ারি এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়।