বসন্তের আমেজে শাহজালাল বিশ্ববিদ্যালয় দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসন্তের আমেজে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন হয়েছে গতকাল শনিবার। শিক্ষক-শিক্ষার্থীদের বর্ণিল সাজে আনন্দ-শোভাযাত্রা আর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনুষ্ঠানিক উদ্যাপন হয় বিশ্ববিদ্যালয় দিবসের। সেই সঙ্গে ব্যক্ত হয় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গড়ে তোলার প্রত্যয়।সকাল নয়টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কর্মসূচির শুরু হয়। বিশ্ববিদ্যালয় দিবস ১ ফাল্গুন হওয়ায় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে যোগ হয় বসন্তের আমেজ। আনন্দ-শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের সব কটি সড়ক প্রদক্ষিণ শেষে হ্যান্ডবল গ্রাউন্ডে গিয়ে আনন্দ সমাবেশে মিলিত হয়। এ সময় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগ করে নেন শিক্ষক-শিক্ষার্থীরা।শোভাযাত্রা শেষে আনন্দ সমাবেশে বক্তব্য দেন উপাচার্য মো. সালেহ উদ্দিন, রেজিস্ট্রার ইশফাকুল হোসেন, ছাত্রকল্যাণ উপদেষ্টা মোহাম্মদ ইউনুস, প্রক্টর এস এম সাইফুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক সালিকুর রহমান চৌধুরী প্রমুখ।উপাচার্য মো. সালেহ উদ্দিন বলেন, ‘শাহজালাল বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে। সেদিন আর বেশি দূরে নেই, যেদিন ছাত্রছাত্রী-শিক্ষক-কর্মকর্তা সবার সহযোগিতায় এ বিশ্ববিদ্যালয় দেশের প্রধান বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে।’