বসন্তের ধুম লেগেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেম ও দ্রোহের কবিতা-আল মাহমুদ, সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে-সন্জীদা খাতুন, মিমির নোটবই-আন্দালিব রাশদী ও আওয়ামী লীগের শাসনকাল-আসিফ নজরুল
প্রেম ও দ্রোহের কবিতা-আল মাহমুদ, সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে-সন্জীদা খাতুন, মিমির নোটবই-আন্দালিব রাশদী ও আওয়ামী লীগের শাসনকাল-আসিফ নজরুল

প্রকৃতিকে পলাশে-শিমুলে রাঙিয়ে এসেছে বসন্ত। ঋতুরাজ নগরবাসীর হূদয়ও সেই রঙে রাঙিয়ে দিয়েছিল গতকাল। বাসন্তী রঙের পোশাক আর গাঁদা-গোলাপের সজ্জায় তারা বর্ণিল করে তুলেছিল শহরের দৃশ্যপট। সেই বর্ণালি ছটা ছড়িয়ে পড়েছিল বইমেলায়ও। ফাল্গুনের নবীন আনন্দে
উচ্ছ্বসিত তারুণ্যের পদচারণে উৎসবমুখর বইমেলায় কবিতা আর প্রেমের উপন্যাসের চাহিদাই ছিল বেশি। তেমন উপন্যাস খুঁজতে গিয়ে অনেকেই হাতে তুলে নিয়েছেন সরল স্বীকারোক্তির মতো আমারও একটা প্রেমকাহিনি আছে নামের আনিসুল হকের নতুন উপন্যাসটি। এমনকি সন্ধ্যার পরও পুবের আকাশে যখন উঠেছে কাঁসার থালার মতো চাঁদ, বইছে মৃদু হাওয়া, তখনো প্রথমার স্টলের সামনে বইটিতে লেখক আনিসুল হকের স্বাক্ষর নিতে বাসন্তী সাজে সজ্জিত তরুণ-তরুণীদের ভিড়। মধুর মিলন ঘটাতেই তো এসেছে এই মধুর বসন্ত। এমন দিনে প্রেমের কথা ও কাহিনি ছাড়া চলবে কেন?
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় মেলার ফটক খোলার পর থেকেই রঙিন হয়ে উঠেছিল মেলা চত্বর। শাহবাগ থেকে সোহরাওয়ার্দী উদ্যান, বাংলা একাডেমি থেকে শহীদ মিনার—পুরো এলাকাই একাকার হয়ে গিয়েছিল উৎসবে শামিল তারুণ্যের উচ্ছ্বাসে। ফুলে ফুলে উড়ে বেড়ানো প্রজাপতির চাঞ্চল্য নিয়েই তরুণ জুটিরা ঘুরে বেড়িয়েছেন, চক্কর দিয়েছেন মেলার এপারে-ওপারে।
এই উৎসব তারুণ্যের
বসন্তের প্রথম দিনে মেলায় অনেক প্রিয় লেখকেরই সান্নিধ্য পেয়েছেন গ্রন্থানুরাগীরা। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যান অংশে কবি সুফিয়া কামাল চত্বরে বসে তরুণ অনুরাগীদের অটোগ্রাফ দিয়েছেন মুহম্মদ জাফর ইকবাল। অনন্যার স্টলে সন্ধ্যায় এসেছিলেন ইমদাদুল হক মিলন। তিনি বললেন, ‘আজ তরুণদের দিন। তারুণ্যের উৎসবে মেলার পরিবেশটাই বদলে গেছে।’ সৈয়দ আবুল মকসুদও এসেছিলেন বিকেলে। চারপাশে বাসন্তী পোশাকের মাঝে তাঁর শুভ্র আভরণ বেশ অন্য রকমই লাগছিল। পাশে দাঁড়িয়ে সেলফোনে ছবি তুলতে আগ্রহী ছিলেন অনেকেই। তিনি বললেন, বসন্তের উৎসবে মুখর তরুণেরা বইমেলায় আসছেন— এটা খুবই আশাব্যঞ্জক ঘটনা। হুমায়ূন আহমেদ নেই, তবে বিকেলে অন্যপ্রকাশের স্টলে ছেলে নিনিত ও নিষাদকে নিয়ে এসেছিলেন হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন। তিনিও পাঠকের অনুরোধে হুমায়ূন আহমেদের বইতে স্বাক্ষর দেন।
প্রথমায় প্রেমের উপন্যাস
প্রথমা প্রকাশনের প্রেমের উপন্যাসগুলোই বেশি বিক্রি হয়েছে গতকাল। বিক্রয় প্রতিনিধি জানালেন, কবি কাজী নজরুল ইসলামের জীবনী নিয়ে লেখা বিশ্বজিৎ চৌধুরীর উপন্যাস নার্গিস বেশ বিক্রি হয়েছে। এ ছাড়া আন্দালিব রাশদীর উপন্যাস মিমির নোটবই, সৈয়দ শামসুল হকের তিন পয়সার জোছনা ভালো চলেছে। প্রথমার অন্য বইয়ের মধ্যে আনোয়ার উল আলমের রক্ষীবাহিনীর সত্য মিথ্যা বইটির চাহিদা ছিল।
মোড়ক উন্মোচন ও নতুন বই
নজরুল মঞ্চে এদিন ১০টি নতুন বইয়ে মোড়ক উন্মোচন করা হয়েছে। এখানেও ভালোবাসারই প্রাধান্য। বেশির ভাগই ছিল প্রেম-ভালোবাসা নিয়ে কবিতা আর উপন্যাস। তথ্যকেন্দ্রের তালিকায় এসেছে ১১০টি নতুন বইয়ের নাম। এর মধ্যে রয়েছে রাত্রি থেকে সিরাজুল ইসলাম চৌধুরীর প্রবন্ধ অন্বেষণ, অ্যাডর্ন থেকে যতীন সরকারের প্রবন্ধ কালের কপোল তলে, শ্রাবণ থেকে মুহম্মদ নূরুল হুদার কবিতার বই তিন ভুবনের অন্ধ। নবযুগ থেকে ড. জগন্নাথ বড়ুয়ার রবীন্দ্রদর্শন মানুষ ও সমাজ। এ ছড়া নবযুগ থেকে প্রকাশিত হয়েছে সন্জীদা খাতুনের সহজ কঠিন দ্বন্দ্ব ছন্দে, অনন্যা থেকে আসিফ নজরুলের আওয়ামী লীগের শাসনকাল।