বসন্তের রূপ ও রঙে মন মাতাল ফাগুয়া উত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসন্তের নতুন রূপ ও রঙে মন রাঙিয়ে উদ্যাপন করা হলো ফাগুয়া উত্সব। বৃহত্তর রাজশাহীর তিন জেলার তিনটি উপজেলার ৫০ গ্রামের কয়েক হাজার আদিবাসী একত্র হয়ে গত সোমবার চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার রাজবাড়ী গ্রামে এ উত্সবে মেতে ওঠে। ফাগুয়া মূলত ওঁরাও আদিবাসীদের উত্সব হলেও সাঁওতাল, মুন্ডা, পাহান, মাহালী, মাহাতো, মালপাহাড়িয়াসহ অন্য ক্ষুদ্র জাতিসত্তার আদিবাসীরাও এ উত্সবে অংশ নেয়। গ্রামে গ্রামে এ উত্সব উদ্যাপনের প্রচলন, কিন্তু গত পাঁচ বছর ধরে নাচোলের রাজবাড়ীতে সম্মিলিতভাবে এ উত্সব উদ্যাপিত হয়ে আসছে। উত্সবে সহায়তা দিচ্ছে বরেন্দ্র ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডিও)।বেলা তিনটা থেকে গভীর রাত পর্যন্ত উত্সব চলে। কর্মসূচির মধ্যে ছিল নাচোল রাজবাড়ী কলেজের মাঠে তীর প্রতিযোগিতা, বর্ণাঢ্য শোভাযাত্রা, বিডিও অফিস চত্বরে ফাগুয়া পূজার আনুষ্ঠানিকতা, আলোচনা, আদিবাসীদের নাচ-গান, ওঁরাও আদিবাসীদের সাদরি ভাষায় লেখা নাটক সংগ্রামী বধূ। নাচোলের রাজবাড়ী কলেজের মাঠে বিকাল তিনটা থেকেই শুরু হয় তীর নিক্ষেপ প্রতিযোগিতা। পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জের নাচোল, নওগাঁর নিয়ামতপুর এবং রাজশাহীর তানোর উপজেলার বিভিন্ন আদিবাসী গ্রামের নারী-পুরুষ ও শিশু কলেজের মাঠে জড়ো হতে শুরু করে। এসব গ্রামের সাংস্কৃতিক দল ঢোল, মাদল ও বাঁশি বাজিয়ে এবং নারীরা দলবেঁধে আলপনা আঁকা কলসে ছোট শাখাসহ নতুন পাতা, নতুন ফুল মাথায় করে নিয়ে এসে যোগ দেয় ফাগুয়া উত্সবের শোভাযাত্রায়। কলেজের মাঠ থেকে শুরু হয়ে বিডিওর কার্যালয় চত্বরে উত্সবস্থলে এসে শেষ হয় শোভাযাত্রা।নাচোলের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান আরিফ উদ্বোধন করেন ফাগুয়া উত্সবের। প্রকৃতি পূজার আনুষ্ঠানিকতা শেষে শুরু হয় আদিবাসী সাংস্কৃতিক দলগুলোর ঐতিহ্যবাহী নাচ-গান। আশপাশের বহু বাঙালি নারী-পুরুষও উপভোগ করে এ উত্সব। অনুষ্ঠানস্থলে বসে মিঠাই-মন্ডা ও শিশুদের খেলনার দোকান।নাচ-গানের কিছুক্ষণের বিরতিতে আলোচনায় অংশ নেন আদিবাসী নেতা মদন কুমার বারোয়ার, বিশদ মণি টপ্পো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মেসবাহ কামাল, নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আরিফ, কলেজের শিক্ষক ও গবেষক নাসরিন সুলতানা, বিডিওর নির্বাহী পরিচালক আক্তার হোসেন, সাংবাদিক আনোয়ার হোসেন প্রমুখ।আদিবাসী নেতা মদন কুমার বারোয়ার বলেন, প্রকৃতিকে ঘিরেই আবর্তিত হয় আদিবাসীদের জীবন। আদিবাসীরা মনে করে, প্রকৃতি রক্ষা না হলে বিপন্ন হবে তাদের জীবন। বসন্তে প্রকৃতির নতুন রূপ—নতুন পাতা-ফুলের সঙ্গে শুরু হয় ওঁরাও আদিবাসীদের নতুন বছরও। ঋতুরাজ বসন্তে প্রকৃতির নতুন রূপ, নতুন ফুল, নতুন ফল ও নতুন বছরকে বরণ করতে ওঁরাও আদিবাসীরা আয়োজন করে ‘ফাগুয়া’ উত্সবের। পুরোনো বছরের শোক, দুঃখ ও ক্লান্তি ঝেড়ে ফেলে নতুন উদ্যমে শুরু করে নতুন বছর।অধ্যাপক মেসবাহ কামাল বলেন, উত্তরাঞ্চলের সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র জাতিসত্তার আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি বিপন্ন হওয়ার পথে। তাদের ভাষা ও সংস্কৃতি রক্ষা না হলে কালের গর্ভে হারিয়ে যাবে এসবের অস্তিত্ব। রাষ্ট্রের উচিত, তাদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় এগিয়ে আসা। কেন না আদিবাসীদের সাংস্কৃতিক বৈচিত্র্য এ দেশের অমূল্য সম্পদ।