
প্রবল ঝোড়ো হাওয়ার ঝাপটা, সঙ্গে বৃষ্টি। শুরু হয়েছিল বুধবার মধ্যরাতে হঠাৎ। তার রেশ বৃহস্পতিবার সকালেও। শুকনো ধুলো গলে হলো কাদা। খানাখন্দে জমে থাকল ঘোলা পানি। সারা শহরের যে দৃশ্য, বইমেলাও তার চেয়ে আলাদা নয়।
বসন্তের প্রথম বৃষ্টি পরিবেশ খানিকটা আর্দ্র-কোমল করে তুললেও প্রকাশকদের অনেকে লোকসানের মুখে পড়েছেন বিস্তর বই ভিজে যাওয়ায়। বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের অংশে গিয়ে দেখা গেল, চন্দ্রাবতী একাডেমি, গতি, শিল্পতরুসহ অনেক প্রকাশনীর স্টলের সামনে ভিজে যাওয়া বই রোদে শুকাতে দেওয়া হয়েছে। বেঙ্গল পাবলিশার্সের স্টলের অর্ধেক অংশ খালি করে রাখা। প্রকাশকেরা সকালে এসেই স্টল থেকে ভেজা বইগুলো মাঠে শুকাতে দেন। যাঁদের বেশি সংখ্যায় বই ভিজেছে, সূর্য ডোবার আগ পর্যন্ত সেগুলো মাঠে বিছিয়ে রেখেছিলেন তাঁরা।
মেলার মাঠে যদিও বালু ছড়ানো হয়েছিল, তবে তা অপর্যাপ্ত। স্টল-প্যাভিলিয়নের সামনে বালু দিয়ে পানি শুকিয়ে ফেলা হলেও মাঠের অনেক জায়গাতেই পানি জমে ছিল। পা পিছলানো থেকে রক্ষা পেতে বেশ সতর্কতার সঙ্গে চলতে হয়েছে মেলায় আসা গ্রন্থানুরাগীদের। মেলা ঘুরে দেখা গেল, কমবেশি শ খানেক স্টলের বই ভিজেছে। তবে স্থাপনার তেমন কোনো ক্ষতি হয়নি। বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান গতকাল বিকেলে সাংবাদিকদের এ প্রসঙ্গে বলেন, প্রাকৃতিক দুর্যোগের ওপর কারও হাত নেই। মেলার অবকাঠামো বেশ শক্তপোক্ত করেই তৈরি করা হয়েছে। দুর্যোগ সম্পর্কে আগে থেকে যাঁরা সতর্ক ছিলেন, স্টল বন্ধ করার সময় বইগুলোর সুরক্ষার ব্যবস্থা করেছেন। তাঁদের ক্ষতি হয়নি।
লেখালেখি খণ্ডকালীন কাজ নয়: সন্ধ্যায় কথা হলো বিশিষ্ট সাহিত্যিক সৈয়দ শামসুল হকের সঙ্গে। স্ত্রী লেখিকা আনোয়ারা সৈয়দ হকও তাঁর সঙ্গে ছিলেন। মেলায় প্রকাশিত বইয়ের মান সম্পর্কে তিনি বললেন, ‘যত বই প্রকাশিত হচ্ছে তার মধ্যে মানসম্মত বই অল্প, এটা ঠিক। লেখালেখি সারা জীবনের কাজ। এটা খণ্ডকালীন কাজ নয়, অবসরের কাজও নয়। তরুণ লেখকদের মধ্যে প্রচুর প্রাণশক্তি আছে, নতুন কিছু করার আগ্রহ আছে। তবে এর সঙ্গে গভীর অধ্যবসায়, নিষ্ঠা, শ্রম ও চর্চা নিযুক্ত করতে হবে। সাহিত্য নদীর মতো। এর বাঁক ফেরানোর জন্য তারুণ্যের প্রাণশক্তির প্রয়োজন। শুধু মৌসুমভিত্তিক লেখালেখি করলে হবে না। এ কারণেই মান উন্নত হচ্ছে না।’ এবার মেলায় তাঁর উপন্যাস কুয়াশায় সাদা ঘোড়া ও জলেশ্বরী নিয়ে গল্পগ্রন্থ এসেছে পাঠক সমাবেশ থেকে। এ ছাড়া এসেছে একটি প্রবন্ধ ও একটি কবিতার বই।
প্রকাশকদের উষ্মা: শিশুতোষ বই মূল মেলা থেকে আলাদা করে একাডেমির মাঠে কর্নার করায় উষ্মা প্রকাশ করেছেন প্রকাশকেরা। সময় প্রকাশনের ফরিদ আহমেদ, অনুপমের মিলন কান্তি নাথ, ইত্যাদির জহিরুল আবেদিনসহ অনেকেই বললেন, প্রতিটি বড় প্রকাশনারই শিশুতোষ বই রয়েছে। বিশেষ করে দেশের প্রখ্যাত লেখকদের শিশুতোষ রচনা, রচনাসম্ভার, শ্রেষ্ঠ রচনার সংকলন তাঁরা প্রকাশ করেছেন। অথচ শিশু কর্নারে এই বইগুলো নেই। সেখানে প্রধানত বিক্রি হচ্ছে কার্টুনের বই। এতে শিশুরা মানসম্মত শিশুসাহিত্য থেকে বঞ্চিত হচ্ছে।
প্রথমার বই: গতকাল প্রথমা প্রকাশনের স্টলে নতুন এসেছে বিশিষ্ট ছড়াকার আখতার হুসেনের ছড়ার বই এক ঘড়া ছড়া। এর প্রচ্ছদ ও ভেতরে রংবেরঙের ছবিগুলো এঁকেছেন শিল্পী রফিকুন নবী। স্টলের বিক্রেতারা জানালেন, গতকাল যে বইগুলো বেশি বিক্রি হয়েছে তার মধ্যে ছিল মশিউল আলমের রাজনৈতিক উপন্যাস দ্বিতীয় খুনের কাহিনি, মঈনুস সুলতানের ভ্রমণকাহিনি সোয়াজিল্যান্ড রাজা প্রজা পর্যটক, শেখ আবদুল হাকিমের রোমাঞ্চ উপন্যাস জিপসি জাদু, উৎপল শুভ্রর ক্রীড়াবিষয়ক শচীন রূপকথা ও রফিক-উম-মুনীর চৌধুরী অনূদিত গাব্রিয়েল গার্সিয়া মার্কেসের উপন্যাস কর্নেলকে কেউ লেখে না।
নতুন বই: গতকাল মেলায় তথ্যকেন্দ্রের হিসাবে নতুন এসেছে ৭৭টি নতুন বই। উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে ছিল সংঘ প্রকাশনের ড. রাধাগোবিন্দ বসাক অনূদিত কৌটিলীয় অর্থশাস্ত্র (অখণ্ড), কৃষ্ণচূড়া থেকে বানানবিষয়ক ড. বেগম জাহান আরার প্রমিত বাংলা বানান, ভিন্ন চোখ থেকে মঈন চৌধুরীর কবিতা চিত্রে লেখায় নার্সিসাস, অনিন্দ্য থেকে ফজল-এ-খোদার গল্প সালাম সালাম হাজার সালাম, আনজীর লিটনের ছোটদের গল্পসমগ্র-১, যুব জাগরণ থেকে মোহাম্মদ ওমর ফারুক চৌধুরীর প্রবন্ধ বঙ্গবন্ধু ও ভাষা আন্দোলন, অ্যাডর্ণ থেকে রফিকুল হকের মজার পড়া ১০০ ছড়া, মিজানুর রহমান আফরোজের শিল্পবিষয়ক বাংলাদেশের ক্ষুদ্র ও কুটির শিল্প ইত্যাদি।
মেঘ কেটে গিয়ে রোদ উঠেছিল কাল দুপুরেই। রৌদ্রকরোজ্জ্বল দিনে মেলায় বেচাকেনাও বেড়েছিল। এই ধারা শেষাবধি চলবে এ আশায় আছেন প্রকাশকেরা।