রাজধানীর বসুন্ধরা এলাকায় বহুতল তিনটি ভবনে ফাটল দেখা দেওয়ার পর গতকাল বৃহস্পতিবার রাতে ওই ভবনের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বসুন্ধরার এ ব্লকের ১৮ নম্বর সড়কের পাশে তিনটি প্লট নিয়ে একটি বহুতল ভবন নির্মাণের পাইলিং চলছে। কিন্তু নির্মাণাধীন প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা না নেওয়ায় এর পাশে ঘেঁষা তিনটি বহুতল ভবনের আশপাশের মাটি ধসে যায়। এতে তিনটি ভবনের একাধিক স্থানে ফাটলের সৃষ্টি হয়। খবর পেয়ে রাত সাড়ে আটটার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভবনগুলোর বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেয়।
ঘটনাস্থলে উপস্থিত ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু বকর মিয়া প্রথম আলোকে বলেন, প্রপার্টি অব ইউনিয়ন গ্রুপ আশপাশে নিরাপত্তামূলক ব্যবস্থা না নিয়ে ৪০ থেকে ৪৫ ফুট জমি খনন করে পাইলিং করে। এতে পাশের ভবনগুলোর মাটির স্তর ধসে গেছে। তিন ভবন বতর্মানে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় সেখানের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে গ্যাস ও বিদ্যুতের সরবরাহ বন্ধ রাখা হয়েছে।