বসবাসের অনুপযোগী অধিকাংশ ব্যারাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত দুস্থ ব্যক্তিদের পুনর্বাসনে বরগুনা, পিরোজপুর ও পটুয়াখালীর ১১ উপজেলায় নির্মিত ২৯৮টি ব্যারাক হাউসের বেশির ভাগই তিন বছরে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে দুর্ভোগ পোহাচ্ছেন বাসিন্দারা।
জেলার প্রশাসনগুলোর সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য ১১ উপজেলার দুই হাজার ৯৮০টি গৃহহীন পরিবারের পুনর্বাসনের জন্য ২০০৯-২০১০ অর্থবছরে জাপান সরকারের সহায়তায় ব্যারাকগুলো নির্মাণ করা হয়। এর মধ্যে প্রায় সাড়ে ২৭ কোটি টাকা ব্যয়ে ২০১০ বরগুনায় ১২৮টি ও পিরোজপুর জেলায় ১১৬টি এবং পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় প্রায় সাত কোটি টাকা ব্যয়ে আরও ৫৪টি ব্যারাক হাউস নির্মাণ করা হয়।
সুবিধাভোগীদের অভিযোগ, চালে নিম্নমানের টিন ব্যবহার করায় তা মরিচা পড়ে ছিদ্র হয়ে গেছে। বৃষ্টি হলে পানি পড়ে। পাতলা লোহার পাত ও অন্যান্য নির্মাণসামগ্রী দিয়ে ঘরের কাঠামো নির্মাণ করায় চার বছরের মাথায় তা নড়বড়ে হয়ে পড়েছে। বেড়া ও জানালা খসে পড়েছে। নিম্নমানের ইট-সিমেন্ট ব্যবহার করায় বেশিরভাগ ঘরের ভিত্তি ভেঙে গেছে। শৌচাগারগুলো ভেঙে ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। এ ছাড়া জোয়ারের সময় এসব বাড়ি পানিতে ডুবে যায়।
সরেজমিনে দেখা যায়, বরগুনার বেতাগী উপজেলার বদনিখালী এলাকার একটি ব্যারাক হাউসের অর্ধেক অংশ এর মধ্যে বিষখালী নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
বরগুনা সদরের ফুলতলা এলাকার ব্যারাক হাউসের বেশির ভাগ ঘর বসবাস অনুপযোগী হওয়ায় ১০টি পরিবার অন্যত্র চলে গেছে। এখানের বাসিন্দা জাকির ফকির বলেন, ‘ঘরে থাকনের কোনো উপায় নাই। চাল-বেড়া খইয়্যা পড়ে। অনেকে ঘর ছাইড়্যা গ্যাছে। মোগো যাওনের কোনো জাগা নাই বইল্লা এত কষ্টে এইহানে থাহি।’
পটুয়াখালীর কলাপাড়ার বালিয়াতলী ইউনিয়নের আইয়ুমপাড়া গ্রামের ১০ কক্ষের ব্যারাকটির জরাজীর্ণ অবস্থা চোখে পড়ে। এখানের বাসিন্দা আছিয়া বেগম জানান, ঘরগুলো এখন আর বসবাসের উপযোগী নেই।
সংশ্লিষ্ট উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা জানান, তিন বছর আগে এসব ব্যারাক হাউস নির্মাণ সম্পন্ন হলেও আনুষ্ঠানিকভাবে তা হস্তান্তর করা হয়নি। তবে নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পরপরই অনেক দুস্থ পরিবার সংশ্লিষ্ট ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যানদের মৌখিক অনুমতি নিয়ে বসবাস শুরু করেন।
কলাপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুমন চন্দ্র দেবনাথ বলেন, ‘জরাজীর্ণ এসব ব্যারাক হাউস সংস্কারের ব্যাপারে আমাদের কোনো নির্দেশনা নেই।’
বরগুনা জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম বলেন, ‘ঘরগুলো মেরামতের ব্যাপারে ব্যবস্থা নেব। এ ছাড়া আমাদের আরও বেশ কয়েকটি নতুন প্রকল্প হাতে নেওয়ার চিন্তাভাবনা আছে।’