
বরগুনা জেলায় সিডরে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সৌদি সরকারের অনুদানে ২০০৯ সালে ৩ হাজার ৯৪০টি ঘর নির্মাণ করা হয়। আর ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ২০১৩ সালের দেওয়া হয় ৪৬৫টি ঘূর্ণিঝড়-সহনীয় পাকা ঘর। তা ছাড়া জাপান সরকারের অর্থায়নে ১৮২টি ব্যারাক হাউসে পুনর্বাসন করা হয় ১ হাজার ২৮০টি পরিবারকে। তবে এসব ঘরদোর এখন বসবাসের অনুপযোগী হয়ে গেছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৭ সালে প্রলয়ংকরী সিডরের আঘাতে বরগুনা জেলায় ৬৮ হাজার ৬৭৯টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত এবং আংশিক ক্ষতি হয় ৭৩ হাজার ৭০৬টি। এর মধ্যে ঘূর্ণিঝড়-সহনীয় গৃহনির্মাণ প্রকল্পের আওতায় ২০১০-১১ অর্থবছরে ৫ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ৪৬৫টি ঘর নির্মাণ করা হয়। এসব ঘরের নির্মাণকাজ শেষ হয় ২০১৩ সালে। আরসিসি পিলারের ওপর ছাদ ও মেঝে পাকা করে ১৫ ফুট লম্বা ও ১০ ফুট প্রস্থের প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয় ১ লাখ ২০ হাজার টাকা।
সদর উপজেলার পশ্চিম পোটকাখালী গ্রামের রওশন আরা বলেন, ‘জনপ্রতিনিধিদের ঘুষ দিয়া এইটুক একটা ঘর পাইছি। পরিবারের সবাইরে নিয়া এই ঘরে থাকা যায় না। তা-ও ছাদ দিয়া পানি পড়ে।’
মোকলেস মল্লিক বলেন, ছোট্ট একটি ঘর পেয়েছেন। তাতে মাথার ওপর ছাদ জুটেছে ঠিকই, কিন্তু এত ছোট ঘরে সাতজনের থাকা সম্ভব নয়।
সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের লবণগোলা, ঢলুয়া ইউনিয়নের নলী, পশ্চিম পোটকাখালী ও বরইতলা এবং নলটোনা ইউনিয়নের পদ্মা, শিয়ালিয়া, কুমিরমারা, সোনাতলা ও নিশানবাড়িয়া গ্রাম ঘুরে একই দৃশ্য দেখা গেছে।
বিভিন্ন সংস্থার দেওয়া টিনের ঘরের অবস্থাও নাজুক। বরগুনা সদরের মাছখালী গ্রামের আনিচুর রহমান বলেন, ‘সিডরের পর ১০ হাজার টাকা ঘুষ দিয়া ছোট্ট টিনের ঘর পাইছি। কিন্তু কয়েক বছর যাইতে না-যাইতে নাজুক অইয়্যা গ্যাছে।’ তাঁর প্রতিবেশী ছত্তার মিয়া বলেন, পাঁচ হাজার টাকা ঘুষ দিয়ে ঘর পেয়েছিলেন, কিন্তু সেটা থাকার উপযোগী নয়।
এদিকে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বরগুনা, পিরোজপুর ও পটুয়াখালীর ১১টি উপজেলার ২ হাজার ৯৮০টি গৃহহীন পরিবারের পুনর্বাসনের জন্য ২০০৯-১০ অর্থবছরে জাপান সরকারের সহায়তায় ব্যারাকগুলো নির্মাণ করা হয়। এর মধ্যে প্রায় সাড়ে ২৭ কোটি টাকা ব্যয়ে ২০১০ সালে বরগুনায় ১৮২টি ও পিরোজপুরে ১১৬টি এবং পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে আরও ৫৪টি ব্যারাক হাউস নির্মাণ করা হয়।
সুবিধাভোগীদের অভিযোগ, চালে নিম্নমানের টিন ব্যবহার করায় তা মরচে ধরে ছিদ্র হয়ে গেছে। বৃষ্টি হলেই এসব ছিদ্র দিয়ে পানি পড়ে। তা ছাড়া পাতলা লোহার পাত ও অন্যান্য নির্মাণসামগ্রী দিয়ে ঘরের কাঠামো নির্মাণ করায় নড়বড়ে হয়ে পড়েছে। বেড়া ও জানালা খসে পড়েছে। নিম্নমানের ইট-সিমেন্ট ব্যবহার করায় বেশির ভাগ ঘরের ভিত্তি ভেঙে গেছে। শৌচাগারগুলো ভেঙে ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। এ ছাড়া জোয়ারের সময় এসব বাড়ি পানিতে ডুবে যায়।
সরেজমিনে দেখা গেছে, বরগুনার বেতাগী উপজেলার বদনিখালী এলাকার একটি ব্যারাক হাউসের অর্ধেক অংশ বিষখালী নদীগর্ভে বিলীন হয়ে গেছে।
বরগুনা সদরের ফুলতলা এলাকার ব্যারাক হাউসের বেশির ভাগ ঘর বসবাসের অনুপযোগী হওয়ায় ১০টি পরিবার অন্যত্র চলে গেছে। এখানের বাসিন্দা জাকির ফকির বলেন, ‘ঘরে থাকনের কোনো উপায় নাই। চাল-বেড়া খইয়্যা পড়ে। অনেকে ঘর ছাইড়্যা গ্যাছে। মোগো যাওনের কোনো জাগা নাই বইল্যা এত কষ্টে এইহানে থাহি।’
বরগুনা জেলা প্রশাসক মো. মোখলেছুর রহমান বলেন, ‘আশ্রয়ণ প্রকল্পগুলোর দুরবস্থা আমি সরেজমিনে দেখেছি। এগুলো মেরামতের জন্য সংশ্লিষ্ট উপজেলার ইউএনওদের প্রাক্কলন তৈরির নির্দেশ দিয়েছি। এগুলো পেলে তা মন্ত্রণালয়ে পাঠিয়ে বরাদ্দ চাওয়া হবে।’