বসবাসের অনুপযোগী শহরের তালিকায় ঢাকা দ্বিতীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসবাসের সবচেয়ে অনুপযোগী শহরগুলোর বৈশ্বিক তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়। যুক্তরাজ্যভিত্তিক সাময়িকী দ্য ইকোনমিস্ট-এর সহযোগী প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইন্টেলিজেন্স গ্রুপের বিশ্বের ১৪০টি শহরের ওপর চালানো একটি জরিপ অনুযায়ী, বসবাসের জন্য নিকৃষ্টতম শহর হচ্ছে জিম্বাবুয়ের রাজধানী হারারে। এর পরই রয়েছে ঢাকা ও আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স।এই জরিপে বিশ্বের সবচেয়ে বসবাস-উপযোগী ও অবকাঠামোগত দিক দিয়ে সমৃদ্ধ শহর হিসেবে শীর্ষস্থান দখল করে নিয়েছে কানাডার ভ্যাংকুভার। ইকোনমিস্ট ইন্টেলিজেন্স গ্রুপ বিশ্বের ১৪০টি শহরের রাজনৈতিক, অর্থনৈতিক স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবার প্রকৃতি, সাংস্কৃতিক স্বাধীনতা, শিক্ষার হার এবং সর্বোপরি যোগাযোগ অবকাঠামোর অবস্থার ভিত্তিতে এ জরিপ চালায়। বরাবরের মতোই বিশ্বের সেরা বসবাস-উপযোগী ও শিক্ষা-সংস্কৃতির দিক দিয়ে এগিয়ে থাকা ও যোগাযোগ অবকাঠামোগত দিক দিয়ে সমৃদ্ধ শহরগুলোর শীর্ষস্থানগুলো দখল করেছে ইউরোপ ও উত্তর আমেরিকার শহরগুলো। সবচেয়ে লক্ষণীয় ব্যাপার হলো, বিশ্বের সবচেয়ে বসবাস-উপযোগী শহরগুলোর শীর্ষস্থানীয় ১০টি শহরের মধ্যে চারটিই অস্ট্রেলিয়ার—মেলবোর্ন, সিডনি, পার্থ ও অ্যাডিলেড।রাজনৈতিক অস্থিরতা, শিক্ষায় পশ্চাত্পদতা ও অন্যান্য নাগরিক সুবিধার অপ্রতুলতার কারণে আফ্রিকা এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার শহরগুলো গতানুগতিকভাবেই এ জরিপে শেষের দিকে অবস্থান করছে। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক শক্তির বিচারে তাদের প্রধান দুটি শহর নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেস অবশ্য এ জরিপে খুব একটা ভালো অবস্থানে নেই। শহর দুটির অবস্থান যথাক্রমে ৫৪তম ও ৪৭তম।এ জরিপে বসবাসের অনুপযোগী শহর হিসেবে ঢাকা, হারারে ও আলজিয়ার্সের সঙ্গী হয়েছে সেনেগালের রাজধানী ডাকার, শ্রীলঙ্কার কলম্বো, নেপালের কাঠমান্ডু, ক্যামেরুনের ডওয়ালা, পাকিস্তানের করাচি, নাইজেরিয়ার লাগোস ও পাপুয়া নিউগিনির পোর্ট মোরেসবি। বসবাসযোগ্য ও অবকাঠামোগত দিক দিয়ে বিশ্বের সেরা ১০টি শহর হলো ভ্যাংকুভার, ভিয়েনা, মেলবোর্ন, টরন্টো, ক্যালগারি, হেলসিংকি, সিডনি, পার্থ, অ্যাডিলেড ও অকল্যান্ড।বিশ্বের কয়েকটি শীর্ষ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজক শহরও ছিল এ জরিপের একটি অংশ। এদের মধ্যে বর্তমানে এ জরিপে বসবাসের জন্য শ্রেষ্ঠ শহর হিসেবে বিবেচিত ভ্যাংকুভার আয়োজন করছে শীতকালীন অলিম্পিক গেমস। এ বছর অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলের আয়োজনকারী দেশ দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ অবকাঠামো, শিক্ষা ও সংস্কৃতির সূচকে এগিয়ে থাকলেও, নিরাপত্তা ও অন্যান্য আইনশৃঙ্খলাসংক্রান্ত দিক দিয়ে জরিপে ৯২তম স্থানে রয়েছে। ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেট আয়োজনকারী দেশ ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কার শহরগুলো এ জরিপে বেরিয়ে আসা তালিকার নিচের দিকেই রয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ১৩৮, শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ১৩২, ভারতের মুম্বাই ১১৭ ও দিল্লির অবস্থান ১১৩ নম্বরে। ২০১২ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের আয়োজনকারী দেশ লন্ডনের অবস্থান তালিকার ৫৪তম স্থানে।