বসবাসের অযোগ্য ছাত্রাবাসে ৭৫ ছাত্রছাত্রীর ঝুঁকিপূর্ণ বসবাস
বসবাস অযোগ্য রাঙামাটি সদর উপজেলার কুতুবছড়ি উপজাতীয় আবাসিক ছাত্রাবাসে ৭৫ ছাত্রছাত্রী বসবাস করছে ঝুঁকির মধ্যে। অপর দিকে ১০ থেকে ২৫ বছর চাকরি করার পরও নিয়মিত বেতন না পাওয়ায় সাতজন কর্মচারীকে সারা বছর থাকতে হয় নানা সংকটে। গত শুক্রবার সরেজমিনে ছাত্রাবাস ঘুরে এসব তথ্য জানা গেছে। ছাত্রবাসের দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও দক্ষিণ কুতুবছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডেভিড চাকমা জানান, ছাত্রাবাসটিতে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ৭৫ জন বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের ছাত্রছাত্রী রয়েছে। তাদের মধ্যে ৪০ জন ছাত্র ও ৩৫ জন ছাত্রী। ছাত্রাবাসে গুদাম, রান্না ও খাবার ঘরসহ সেমি পাকা সাতটি ভবন রয়েছে। এর মধ্যে চারটি ভবনে সাতটি কক্ষ ছাত্রছাত্রীদের থাকার ব্যবস্থা রয়েছে। কিন্তু তিনটি কক্ষ পরিত্যক্ত হয়ে পড়ায় চারটি কক্ষে ছাত্রছাত্রীদের গাদাগাদি করে থাকতে হয়। ছাত্রাবাসের বিভিন্ন ভবন ও কক্ষ ঘুরে দেখা গেছে, অধিকাংশ কক্ষের সিলিংয়ে পানি পড়ার চিহ্ন রয়েছে। প্রায় সব কক্ষের দরজা-জানালা ভাঙা আর দেয়ালে ফাটল। এদিকে ছাত্রাবাসের দারোয়ান ননী গোপাল চাকমা ও নৈশপ্রহরী রমণী চাকমা বলেন, ‘আমরা ১৯৮৬ সাল থেকে কর্মরত থাকলেও আমাদের বেতন নিয়মিত হয় না।’ অপর দিকে ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ডেভিড চাকমা বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব পালনের পাশাপাশি ছাত্রাবাসের জন্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে হয়। কিন্তু আমার মাসিক সমঞ্চানী ভাতা মাত্র ১০০ টাকা।’ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ছাত্রাবাসটির বিভিন্ন সমস্যার কথা স্বীকার করে বলেন, ছাত্রাবাসটিতে কিছু সংস্কারকাজ করা হয়েছিল। কিন্তু তা পর্যাপ্ত ছিল না। তবে প্রায় এক বছর আগে জাপানের সাহায্য সংস্থা জাইকার অর্থায়নে একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। সেই প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হলে ছাত্রাবাসের অবকাঠামোর উন্নয়ন হবে।