বসবাসের উপযোগিতা হারাচ্ছে ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্মেলনে গতকাল বক্তব্য রাখেন নগরবিদ অধ্যাপক নজরুল ইসলাম l প্রথম আলো
সম্মেলনে গতকাল বক্তব্য রাখেন নগরবিদ অধ্যাপক নজরুল ইসলাম l প্রথম আলো

নগর পরিকল্পনাবিদেরা বলেছেন, ঢাকা মহানগরের এখন বিকলাঙ্গ অবস্থা। এভাবেই মহানগরটি বেড়ে উঠেছে। এর অস্তিত্ব ঝুঁকির মুখে পড়েছে। এ অবস্থা চলতে থাকলে ঢাকার মৃত নগরে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। অপরিকল্পিতভাবে গড়ে ওঠা বিশ্বের অনেক নগর মরে যাওয়ার দৃষ্টান্ত রয়েছে। আগামী প্রজন্মের জন্য ঢাকাকে রক্ষা করতে হলে কালবিলম্ব না করে সুষ্ঠু নগর পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে।
গতকাল শনিবার সকালে ‘আগামী প্রজন্মের ঢাকা: আমাদের করণীয়’ শীর্ষক গবেষণাভিত্তিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিশিষ্ট নগর পরিকল্পনাবিদেরা এ মন্তব্য করেছেন। ডেইলি স্টার সেন্টারে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) ও সেন্টার ফর ডেভেলপমেন্ট কমিউনিকেশন (সিডিসি) যৌথভাবে এ আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ গোলাম রহমান। আলোচনা করেন নগরবিদ অধ্যাপক নজরুল ইসলাম, স্থপতি মোবাশ্বের হোসেন, অধ্যাপক সারোয়ার জাহান, ড. শামসুল আলম, জার্মান দূতাবাসের প্রতিনিধি সুজিত চৌধুরী ও ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম। স্বাগত বক্তৃতা করেন আখতার মাহমুদ। সম্মেলনের উদ্দেশ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরেন সিডিসির নির্বাহী পরিচালক মুহাম্মদ জাহাঙ্গীর।
আলোচকেরা বলেন, বর্তমানে বিশ্বের ১৪৩টি মহানগরের মধ্যে ঢাকার অবস্থান ১৪২তম স্থানে। একটি নগরের জন্ম আছে, বৃদ্ধি আছে, মৃত্যুও আছে। ভবিষ্যতে ঢাকায় কোনো ভূগর্ভস্থ পানি থাকবে না। এই নগরের চারপাশে মিষ্টি পানির নদী প্রবাহিত। অথচ সেই পানি ব্যবহারের অযোগ্য। উপরন্তু নদ-নদী, জলাধার ভরাট করে ফেলা হচ্ছে। গণপরিবহন ব্যবস্থা বিপর্যস্ত। নাগরিকদের নিরাপত্তার অভাব প্রচণ্ড। এসব চলতে থাকলে ঢাকা বসবাসের উপযোগিতা হারাবে। অত্যন্ত দুঃখজনক যে, বর্তমান প্রজন্মের জন্য আমরা কিছু করতে পারছি না। অন্তত ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ শহরটিকে বসবাসযোগ্য করতে হলে দলমতের ঊর্ধ্বে থেকে বৃহত্তর কল্যাণের জন্য কাজ করতে হবে।
মহানগরের একক নিয়ন্ত্রণ কারও হাতে না থাকার বিষয়টি আলোচনায় প্রধান সমস্যা হিসেবে উঠে আসে। সিটি করপোরেশন, ওয়াসা, রাজধানী উন্নয়ন করপোরেশনসহ বিভিন্ন কর্তৃপক্ষ নগরের উন্নয়নের জন্য যে কাজগুলো করে, তার কোনো সমন্বয় থাকে না। ফলে নগরের উন্নয়নে একটি বিশদ পরিকল্পনা নিয়ে কাজ করতে হলে প্রথমেই প্রয়োজন হবে বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত ব্যবস্থাপনা। এ জন্য একটি স্বতন্ত্র কর্তৃপক্ষ থাকা প্রয়োজন।
আয়োজকেরা জানান, এ সম্মেলনে নগর উন্নয়নের ১০টি বিষয় নিয়ে ১০টি গবেষক দল ছয় সপ্তাহ কাজ করে পৃথক সুপারিশ তৈরি করবে। বিষয়গুলো হলো নগরায়ণ ও নগর পরিকল্পনা, জনসংখ্যা ও বাসস্থান, পরিবহন ও যোগাযোগ, নাগরিক সুবিধাসমূহ, সুশাসন, গণপরিসর ও উন্মুক্ত স্থান, দুর্যোগ ব্যবস্থাপনা ও নগরের সক্ষমতা, অর্থনীতি ও বিনিয়োগ, নগর পরিবেশ ব্যবস্থাপনা এবং সংস্কৃতি ও ঐতিহ্য।
পরে এ ১০টি বিষয়ে গবেষকদের করা সুপারিশের ওপর হবে মুক্ত আলোচনা। সেখান থেকে পরামর্শ নিয়ে সংযোজন-বিয়োজনের মাধ্যমে ১০টি বিষয়ের সুপারিশ চূড়ান্ত করে বই আকারে প্রকাশ করা হবে। এই বইটি পরে প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার কাছে হস্তান্তর এবং নগর উন্নয়নের জন্য এ সুপারিশগুলো বাস্তবায়নের জন্য চেষ্টা চালানো হবে। এমনকি পর্যায়ক্রমে ঢাকাসহ দেশের সব নগরের পরিকল্পিত উন্নয়নের জন্য নাগরিক আন্দোলন গড়ে তোলা হবে বলে উদ্যোক্তারা জানান। জার্মান দূতাবাস এ সম্মেলনের আর্থিক সহায়তা দিচ্ছে। সম্মেলনের দ্বিতীয় পর্বে ছিল ১০টি বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনাপর্ব।