বসবাসের সুবিধায় ১৪০ শহরের মধ্যে ঢাকা ১৩৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসবাসের সুযোগ-সুবিধার দিক দিয়ে বিশ্বের ১৪০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৩৭। অর্থাৎ বসবাসের সবচেয়ে অনুপযোগী চতুর্থ শহর ঢাকা।
বিশ্বের শহরগুলোর বাসযোগ্যতা শীর্ষক ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের (ইআইইউ) প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। গতকাল বৃহস্পতিবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়। গত বছর এই তালিকায় ঢাকা দ্বিতীয় শীর্ষ অনুপযোগী শহর হিসেবে স্থান পেয়েছিল। ২০১৪ সালেও ঢাকার অবস্থান একই ছিল।
এবারের প্রতিবেদনে বিশ্বের সবচেয়ে অনুপযোগী শহর সিরিয়ার দামেস্ক। গতবারও শীর্ষে ছিল দামেস্ক। দ্বিতীয় অবস্থানে আছে লিবিয়ার ত্রিপোলি ও তৃতীয় নাইজেরিয়ার লেগোস। পাকিস্তানের করাচি সবচেয়ে অনুপযোগী ১০ শহরের মধ্যে সপ্তম।
১০টি শীর্ষস্থানীয় বাসযোগ্য শহরের মধ্যে প্রথমে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন। দ্বিতীয় ও তৃতীয় যথাক্রমে অস্ট্রিয়ার ভিয়েনা ও কানাডার ভাংকুভার। শীর্ষ ১০ শহরের মধ্যে যুক্তরাষ্ট্রের কোনো শহর নেই।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাইদ খোকন গতকাল এ বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘গত বছরের তুলনায় আমাদের অবস্থানের সামান্য উন্নতি একটি ইতিবাচক দিক। তবে আমরা এ নিয়ে তৃপ্ত নই। আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা কেবল কাজ শুরু করেছি।’