বসার আসন, থাকার ঠাঁই কোনোটাই নেই
চাঁদপুরের হাজীগঞ্জ থানায় কর্মরত পুলিশের প্রায় অর্ধেক কর্মকর্তার বসার আসন নেই। এ ছাড়া আবাসনসংকটে সব কর্মকর্তাকেই ভাড়া বাসায় ও মেসে থাকতে হয়। এ কারণে অনেক কর্মকর্তাকে বাসায় বা অন্যের আসনে বসে দাপ্তরিক কাজ করতে হচ্ছে।
থানার পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৯৮ সালে হাজীগঞ্জ থানার দোতলা ভবনটি নির্মাণ করা হয়। এ ভবনের নিচতলায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পরিদর্শক (তদন্ত), উপপরিদর্শক (এসআই), সহকারী উপপরিদর্শক (এএসআই), কর্তব্যরত কর্মকর্তা, অস্ত্রাগার, পুরুষ ও নারীদের জন্য দুটি হাজতখানাসহ মোট আটটি কক্ষ রয়েছে। দোতলায় পুলিশ কনস্টেবলদের জন্য দুটি ব্যারাক এবং অতিথিদের জন্য দুটি কক্ষসহ মোট চারটি কক্ষ আছে।
বর্তমানে হাজীগঞ্জ থানায় ওসিসহ ১৮ জন কর্মকর্তা কর্মরত আছেন। ভবনের নিচতলার দুটি কক্ষে ওসি ও পরিদর্শক (তদন্ত) বসেন। অন্য দুটি কক্ষে এসআই ও এএসআই বসেন। সব মিলিয়ে সর্বোচ্চ ১০ জন কর্মকর্তার বসার চেয়ার-টেবিল রয়েছে। বাকি আটজন কর্মকর্তার বসার স্থান ও চেয়ার-টেবিল নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা অভিযোগ করেন, আসনসংকটের কারণে উপপরিদর্শকেরা সহকারী উপপরিদর্শকের কক্ষে বা অনেক কর্মকর্তার নির্দিষ্ট আসন না থাকায় অন্যের আসনে বসে দাপ্তরিক কাজ করেন। কেউ কেউ আসন না পেয়ে বাসায় বসে দাপ্তরিক কাজ করেন। এতে কর্মকর্তাদের স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন ঘটছে।
হাজীগঞ্জ থানার ওসি দেওয়ান আবুল হোসেন বলেন, ‘থানায় ভবন নির্মাণের পর্যাপ্ত জায়গা আছে। কিন্তু আমারসহ অন্য কর্মকর্তাদের থাকার জন্য থানায় কোনো আবাসিক ব্যবস্থা নেই। সারা দিন কাজ করে দুই ঘণ্টা ঠিকমতো ঘুমাতে পারি না।’ তিনি জানান, কর্মকর্তাদের বসার আসনসহ আবাসনব্যবস্থার অসুবিধার কথা জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হয়েছে।