বসিয়ে রাখা হয়েছে ক্যাডেট পাইলটদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়ে ২০১০ সালে ২০ জন ক্যাডেট পাইলটকে নির্বাচিত করে। তখন উড়োজাহাজ সংকট থাকায় এঁদের মধ্যে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়। বাকি ১০ জনকে অপেক্ষমাণ রাখা হয়। অভিযোগ রয়েছে, এসব ক্যাডেট পাইলটের অনেকের কাছ থেকে মোটা অঙ্কের ঘুষও নেওয়া হয়েছে।
কিন্তু অপেক্ষমাণ ক্যাডেটদের নেওয়া তো দূরের কথা, প্রথম পর্বের ১০ জনকেই উড্ডয়নক্ষম করা হয়নি। তাঁদের বেতন দেওয়া হলেও বসিয়ে রাখা হয়েছে। এ অবস্থায় ভবিষ্যৎ নিয়ে চোখে অন্ধকার দেখছেন তাঁরা।
এ বিষয়ে একাধিক ক্যাডেট কর্তৃপক্ষকে চিঠি দিয়েও কোনো জবাব পাননি। চিঠিতে বলা হয়, নিয়োগ পাওয়ার পর তাঁরা এফ-২৮ উড়োজাহাজের প্রশিক্ষণ শেষে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর এফ-২৮ বিমান বহর থেকে বাদ দেওয়া হয়। তারপর তাঁদের বোয়িং ৭৩৭ উড়োজাহাজের গ্রাউন্ড প্রশিক্ষণে পাঠানো হয়। তা শেষে আবার পরীক্ষায় পাস করেন। এরপর পর্যবেক্ষণ ফ্লাইট শুরু হয়। দু-তিনটি পর্যবেক্ষণ ফ্লাইট শেষে অজ্ঞাত কারণে তা বন্ধ করে দেওয়া হয়। এরপর দুই বছর ধরে তাঁরা বসে আছেন। এ অবস্থায় ভবিষ্যৎ অন্ধকার দেখছেন এসব তরুণ ক্যাডেট পাইলট। অভিযোগ রয়েছে, কর্তৃপক্ষ এখন বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে যাঁরা বাণিজ্যিক বৈমানিক লাইসেন্স নিয়েছেন, তাঁদের সুযোগ করে দিতে চায়। এ কারণে দেশের তরুণ বৈমানিকদের বসিয়ে রেখে তাঁদের পেশাগত জীবন (ক্যারিয়ার) শেষ করে দেওয়া হচ্ছে।
জানতে চাইলে পরিচালক (ফ্লাইট পরিচালন) ক্যাপ্টেন ইশরাত বলেন, ক্যাডেট পাইলটদের বোয়িং ৭৩৭-এ প্রশিক্ষণ করানোর পর কিছুদিন পর্যবেক্ষণ ফ্লাইটও করানো হয়। তাতে প্রথমে দুজন উত্তীর্ণ হন। এর পরের দুজন অকৃতকার্য হন। এরপর পর্যবেক্ষণ ফ্লাইট করানো হয়নি। তিনি বলেন, বৈমানিক সংকট সমাধানে চলতি মাসের শেষ সপ্তাহে অভিজ্ঞ বৈমানিক চেয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হবে। তাতে এসব ক্যাডেট পাইলটও আবেদন করতে পারবেন, তাঁরা কৃতকার্য হলে আসতে পারবেন।
একাধিক ক্যাডেট পাইলট প্রথম আলোকে বলেন, দুজন অকৃতকার্য হওয়া মানে বাকি সবাই খারাপ—এটা ধরে নেওয়াটা অবিচার। তাঁদের অনেকে বিভিন্ন বেসরকারি বিমান সংস্থায় উড়োজাহাজ চালিয়েছেন বা চাকরি পেয়েছিলেন। কিন্তু বিমানে নির্বাচিত হওয়ায় তাঁরা ওই চাকরি ছেড়ে দেন বা তাতে যোগ দেননি।
বাংলাদেশ ফ্লাইং একাডেমির ঊর্ধ্বতন একজন কর্মকর্তা জানান, এ মুহূর্তে ফ্লাইং একাডেমি থেকে পাস করে বেসামরিক বিমান পরিববহন কর্তৃপক্ষ থেকে লাইসেন্সধারী (সিপিএল-কমার্শিয়াল পাইলট লাইসেন্স) অন্তত ৬০ জন পাইলট বসে আছেন। জাতীয় স্বার্থে দেশের এসব তরুণ বৈমানিককে রাষ্ট্রীয় মালিকানাধীন বিমানকে পৃষ্ঠপোষকতা দিতে হবে। এখন উল্টো দেশের তরুণ বৈমানিকদের কাজের ক্ষেত্র সংকুচিত করা হচ্ছে।