বসুন্ধরা ও পিংক সিটির কর্মীদের সংঘর্ষে মামলা ও গ্রেপ্তার নেই
রাজধানীর খিলক্ষেত থানাধীন ডুমনি এলাকায় আবাসন প্রতিষ্ঠান পিংক সিটি ও বসুন্ধরার কর্মীদের মধ্যে সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনায় গতকাল সোমবার পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশ জানিয়েছে, তাদের কাছে কেউ অভিযোগ করেনি। এদিকে পিংক সিটি কর্তৃপক্ষের অভিযোগ, বসুন্ধরা পিংক সিটি ফেইজ-৩ প্রকল্পটি পুরোটাই দখল করে নিয়েছে। গত রোববার রাতে বসুন্ধরার কর্মীরা পিংক সিটির দখল করা এলাকায় ঢুকে পড়লে সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় প্রচুর গুলির শব্দও শুনতে পাওয়া যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন জানান, তাঁর কাছে কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি। এ কারণে গতকাল পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। পুলিশ কাউকে গ্রেপ্তারও করেনি।এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিংক সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৩ এপ্রিল বসুন্ধরার কর্মীরা প্রথম দফায় পিংক সিটির কর্মীদের ওপর হামলা চালিয়ে কিছু জায়গা দখল করে নেয়। এরপর আবার গত রোববার পিংক সিটির ফেইজ-৩ প্রকল্পে ঢুকে কর্মীদের মারধর করে বের করে দিয়ে পুরো এলাকা দখল করে নেয়। রাতে র্যাব-পুলিশ এলেও কিছুক্ষণ পর তারা চলে যায়। পিংক সিটির ব্যবস্থাপনা পরিচালক মো. সালাহ উদ্দিনের অভিযোগ, বসুন্ধরার বিরুদ্ধে প্রশাসনও মামলা নিতে ভয় পাচ্ছে। তবে বিষয়টি স্বীকার করেনি পুলিশ।