মানি লন্ডারিং আইনে করা মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে খালাসের রায় দেওয়া বিচারক মোতাহার হোসেনের সম্পদ অনুসন্ধানে গতকাল মঙ্গলবার বসুন্ধরা গ্রুপের এক কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এ বিষয়ে অনুসন্ধানকারী কর্মকর্তা ও দুদকের উপপরিচালক হারুন অর রশিদ গতকাল বসুন্ধরা গ্রুপের উপমহাব্যবস্থাপক (আইন) পবিত্র সরকারকে জিজ্ঞাসাবাদ করেন। দুদক কার্যালয়ে সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।
দুদকের সূত্র জানায়, পবিত্র সরকারকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। মোতাহার হোসেন বসুন্ধরা গ্রুপের প্যানেলভুক্ত আইনজীবী ছিলেন।
গত ডিসেম্বরে অবসর নেওয়া মোতাহার হোসেন সর্বশেষ দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক ছিলেন। এর আগে তিনি বিশেষ জজ আদালত-৩-এ কর্মরত ছিলেন।
দুদক সূত্র জানায়, জিজ্ঞাসাবাদের জন্য আজ বুধবার বিশেষ জজ আদালত-৩-এর পেশকার আরিফুল ইসলাম ও দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর পেশকার আবুল কালাম আজাদকে দুদকে তলব করা হয়েছে। এ বিষয়ে একজন গুরুত্বপূর্ণ সাক্ষীকেও ডাকা হবে।
সাবেক বিচারক মোতাহার হোসেনের সম্পদের বিষয়ে ২০ জানুয়ারি অনুসন্ধান শুরু করে দুদক। তাঁর বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ হলেও এর আগেই তিনি বাংলাদেশ ছাড়েন। দুদকের কাছে থাকা তথ্যমতে, তিনি বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন।