বসুন্ধরা-পিংক সিটির কর্মীদের মধ্যে সংঘর্ষ
রাজধানীর খিলক্ষেত থানাধীন ডুমনীতে গতকাল রোববার রাতে আবাসন প্রকল্প পিংক সিটি জেনোভ্যালির (তৃতীয় ফেইজ) কর্মীদের সঙ্গে বসুন্ধরার কর্মীদের সংঘর্ষ হয়েছে। রাত নয়টার পর থেকে ওই এলাকায় প্রচুর গোলাগুলির শব্দও পান স্থানীয় অধিবাসীরা। পুলিশ জানিয়েছে, বসুন্ধরা গ্রুপের কর্মীরা পিংক সিটির দখল করা কিছু জায়গায় ঢুকে পড়লে সংঘর্ষ শুরু হয়। তবে কেউ আহত হয়নি।খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন জানান, গতকাল রোববার রাত আটটার দিকে বসুন্ধরা গ্রুপের কর্মীদের সঙ্গে পিংক সিটির কর্মীদের সংঘর্ষ বেধে যায়। গোলাগুলির আওয়াজও পাওয়া গেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি জানান, নিজেদের জায়গা দাবি করে পিংক সিটির দখল করা জমিতে ঢুকে পড়েন বসুন্ধরার লোকজন। বসুন্ধরার দাবি, ওই জমি তাদের কেনা। পিংক সিটি সেগুলো অবৈধভাবে দখল করে নিয়েছে। পরে অবশ্য পুলিশ তাঁদের সরিয়ে দিয়ে দুই পক্ষের মাঝে অবস্থান নেয়। এর আগে গত বুধবার সকালে ও বিকেলেও কয়েক দফায় এই দুই আবাসন প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়।এদিকে পিংক সিটির মহাব্যবস্থাপক (উন্নয়ন) আমিমুল এহসান জানান, রাতে বসুন্ধরার পক্ষে কিছু সন্ত্রাসী তাঁদের সাইট অফিসে ঢুকে অফিসটি দখল করে নেয়। তারা বিস্তর গোলাগুলি করে। তারা পিংক সিটির কিছু জমিও দখল করে।