বসুন্ধরা পেপার মিলসকে ৫০ লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনা নদী দূষণের অভিযোগে বসুন্ধরা পেপার মিলসকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। বসুন্ধরা গ্রুপের নিয়ন্ত্রণাধীন এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি মেঘনা নদীতে ফেলে দূষণ করায় এই জরিমানা করা হয়েছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে ওই জরিমানার টাকা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের অনুসন্ধানে বসুন্ধরা পেপার মিলস থেকে নির্গত তরল বর্জ্যের মাধ্যমে মেঘনা নদী দূষণের প্রমাণ পাওয়া যায়। গতকাল মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর থেকে বসুন্ধরা পেপার মিলসের কর্মকর্তাদের শুনানির জন্য ডাকা হয়। বসুন্ধরা পেপারসের পক্ষে শুনানিতে অংশ নেন ইউনিট-২-এর প্রকল্পপ্রধান শাহ আলম ও আরও কয়েকজন কর্মকর্তা। পরিবেশ অধিদপ্তরের অনুসন্ধানে দেখা গেছে, বসুন্ধরা পেপার মিলস কর্তৃপক্ষ ইটিপি থাকা সত্ত্বেও একটি বাইপাস নালার মাধ্যমে অপরিশোধিত তরল বর্জ্য সরাসরি মেঘনা নদীতে ফেলছিল। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর বলেন, মেঘনা নদীর পরিবেশ ও প্রতিবেশ এবং জীববৈচিত্র্যের অবস্থার উন্নতি না হলে বসুন্ধরা পেপার মিলসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।