বসুন্ধরা সিটি থেকে পড়ে তরুণের মৃত্যু
রাজধানীর বসুন্ধরা সিটির সপ্তম তলা থেকে পড়ে গতকাল রোববার সন্ধ্যায় এক তরুণের মৃত্যু হয়েছে। তাঁর নাম শাহরাইন ইসলাম (২৬)। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে তাঁর পরিবার পুলিশকে জানিয়েছে।
এ বিষয়ে তেজগাঁও থানায় অপমৃত্যু মামলা হয়েছে। তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, শাহরাইন বসুন্ধরা সিটির সপ্তম তলা থেকে নিচতলায় পড়ে যাওয়ার পর স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, স্বজনেরা বিনা ময়নাতদন্তে লাশ গ্রহণের আবেদন করেন। শাহরাইনের বাবা ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক আমিনুল ইসলাম পুলিশকে জানিয়েছেন, শাহরাইন মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি এর আগেও আত্মহত্যার চেষ্টা করেছেন। তাঁর চিকিৎসা চলছিল। অসুস্থতার কারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি হয়েও পড়াশোনা শেষ করতে পারেননি তিনি। পরে তাঁকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।