বসুন্ধরা সিটিতে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০ ইউনিট
রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের লেভেল ছয়ে আগুন লেগেছে। আজ রোববার বেলা পৌনে ১১টার পর এই আগুন লাগে। কমপ্লেক্সের ভেতর থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের মহাপরিচালক আলী আহমেদ খান বলেন, আগুন নেভাতে তাঁরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। কমপ্লেক্সের ছাদের ওপরে ৮-১০ জন লোক আটকে পড়েছিল। তাদের উদ্ধার করা হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। সাংবাদিকদের তিনি বলেন, ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তাঁর কথা হয়েছে। আগুন নেভানোর ব্যাপারে সিটি করপোরেশনের পক্ষ থেকে ফায়ার সার্ভিসকে সহায়তা করা হচ্ছে।
ঘটনাস্থলে থাকা প্রথম আলোর একাধিক প্রতিবেদক জানান, কমপ্লেক্সের ওপরের দিক থেকে কালো ধোঁয়ার প্রচণ্ড কুণ্ডলী বের হচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা ক্রেনের সাহায্যে ওপরে উঠে কমপ্লেক্সের বাইরের দিক থেকে ভেতরে পানি ছিটিয়ে দিচ্ছেন। একপর্যায়ে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এলাকার আকাশে হেলিকপ্টার চক্কর দিতে দেখা যায়।
টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা ফুটেজে দেখা গেছে, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ভেতর থেকে বিরামহীনভাবে কালো ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন।
শপিং কমপ্লেক্সের নিরাপত্তার কাজে নিয়োজিত একাধিক সদস্য প্রথম আলোকে বলেন, লেভেল ছয়ে জুতার একটি দোকান থেকে এই আগুন লাগে বলে তাঁরা জানতে পেরেছেন। ফায়ার সার্ভিসকে জানানোর পর তাদের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে আরও কয়েকটি ইউনিট কাজে যোগ দেয়।
শুরুর দিকে ঘটনাস্থলে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, আগুনের খবর শুনে শপিং কমপ্লেক্সের ভেতরে থাকা লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে আসতে থাকে। লোকজনকে বাইরে বের করে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরাও তৎপর হন।
শপিং কমপ্লেক্সের একটি দোকানের বিক্রয়কর্মী মো. হাসান বলেন, আগুন লাগার খবর পেয়ে বাইরে বেরিয়ে আসেন তিনি।
আগুন লাগার পর শপিং কমপ্লেক্সের সামনের সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শপিং কমপ্লেক্সের আশপাশে হাজারো মানুষ জড়ো হয়েছে। নিরাপত্তার কারণে তাদের সরে যেতে বলা হচ্ছে।
ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান সাংবাদিকদের বলেন, পুরো এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে।
এর আগে ২০০৯ সালে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে একবার আগুন লেগেছিল।
আরও পড়ুন: