বসুন্ধরার চেয়ারম্যানের বিরুদ্ধে প্রতারণার মামলা চলবে

প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে করা একটি মামলায় বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট প্রপার্টিজ ডেভেলপমেন্ট (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আহমেদ আকবর সোবহানসহ পাঁচজনের মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।একই সঙ্গে মামলার ওপর এর আগে দেওয়া স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিচারপতি নিজামুল হকের একক বেঞ্চ এ রায় দেন।আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করিম।রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।
মোমতাজ উদ্দিন ফকির প্রথম আলো ডটকমকে বলেন, বাতিল আবেদন খারিজ হওয়ায় মামলাটি চলতে আইনগত কোনো বাধা নেই।আবেদনকারীদের এখন নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে।
আইনজীবী আহসানুল করিম প্রথম আলো ডটকমকে বলেন, মক্কেলের সঙ্গে আলোচনা করে আপিলের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
আদালত সূত্র জানায়, দলিলের দাম কম দেখিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০১১ সালের ২৭ ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি করেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের তত্কালীন পরিচালক সেলিম আহমেদ।এতে তিন কোটি ৯৫ লাখ ৩৪ হাজার ৪২৯ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।
অপর আসামিরা হলেন চেয়ারম্যানের শ্যালক মাহবুব মোর্শেদ হাসান, প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম, পরিচালক সাদাত সোবহান ও সহকারী মহাব্যবস্থাপক (স্টেট) এম এ হাসান।
সূত্র জানায়, ওই মামলায় একই বছরের ৮ জুলাই আসামিরা হাইকোর্ট থেকে জামিন নেন।পরে মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন জানান।প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারির পাশাপাশি মামলার কার্যক্রম স্থগিতের আদেশ দেন।রুলের চূড়ান্ত শুনানি শেষে বিভক্ত আদেশ হয়।এক বিচারপতি মামলা বাতিল ঘোষণা করে রায় দেন।অপর বিচারপতি মামলা বাতিলের আবেদন খারিজ করেন।এরপর বিষয়টি ওই বেঞ্চে আসে।