প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে করা একটি মামলায় বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট প্রপার্টিজ ডেভেলপমেন্ট (প্রা.) লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আহমেদ আকবর সোবহানসহ শীর্ষ পাঁচ কর্মকর্তার মামলা বাতিলের আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে মামলার ওপর এর আগে দেওয়া স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে। গত বৃহস্পতিবার বিচারপতি নিজামুল হকের একক বেঞ্চ (রুল ডিসচার্জ) এ রায় দেন। আদালতে আবেদনকারীদের আইনজীবী আহসানুল করিম ও খায়রুল আলম চৌধুরী মামলা পরিচালনা করেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির। পরে মোমতাজ উদ্দিন ফকির প্রথম আলোকে বলেন, বাতিলের আবেদন খারিজ করে স্থগিতাদেশ প্রত্যাহার করেছেন আদালত। ফলে মামলাটি চলতে আইনগত কোনো বাধা নেই। চেয়ারম্যানসহ আবেদনকারীরা জামিনে ছিলেন। ইতিমধ্যে জামিন শেষ হয়ে গেছে। এখন তাঁদের নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে। তবে আইনজীবী আহসানুল করিম প্রথম আলোকে বলেন, মামলা বাতিল চেয়ে করা আবেদন খারিজ হয়েছে। মক্কেলের সঙ্গে আলোচনা করে আপিলের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আদালত সূত্র জানায়, দলিল মূল্য কম দেখিয়ে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে ২০১১ সালের ২৭ ডিসেম্বর নিম্ন আদালতে মামলাটি করেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের তৎকালীন পরিচালক সেলিম আহমেদ। অপর বিবাদীরা হলেন আবাসন প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যানের শ্যালক মাহবুব মোর্শেদ, উপব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদুল ইসলাম, পরিচালক ও চেয়ারম্যানের ছেলে সাদত সোবহান, সহকারী জেনারেল ম্যানেজার (এস্টেট) এম এ হাসান।