বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, তাঁর ছেলে শাহাদাৎ সোবহানসহ পাঁচজনের বিরুদ্ধে আরও দুটি মামলা হয়েছে। মামলায় তাঁদের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়।গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জালাল আহম্মেদ শিপিং মিলস লিমিটেডের পরিচালক শফিউদ্দিন আহম্মেদ ও আশরাফুল আলম বাদী হয়ে পৃথক দুটি নালিশি মামলা করেন।মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান বাদীর জবানবন্দি গ্রহণ করে বাড্ডা থানার পুলিশকে ঘটনার তদন্ত করে ৩১ জানুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এর আগে আহমেদ আকবর সোবহান ও তাঁর ছেলের বিরুদ্ধে আরও তিনটি মামলা করা হয়।মামলার অন্য আসামিরা হলেন ইস্ট ওয়েস্ট ডেভেলপমেন্ট প্রোপার্টির ভাইস চেয়ারম্যান মাহবুব মোরশেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তৌহিদুল ইসলাম ও এজিএম (এস্টেট) এম এ হাসান।শফিউদ্দিন তাঁর আর্জিতে বলেন, বারিধারা প্রকল্পের ‘এ’ ব্লকে ২২৮ ও ২২৯ নম্বরের পাঁচ কাঠার প্লট এবং আশরাফুল আলম ২৩৫ ও ২৩৬ নম্বরের প্লটের বুকিং মানি দিয়ে প্লট বরাদ্দসংক্রান্ত দলিল গ্রহণ করেন।বাদী শফিউদ্দিন দুই প্লট বাবদ দুই কোটি ৬৩ লাখ ৫৬ হাজার টাকা এবং আশরাফুল আলম দুই কোটি ৬৩ লাখ ৫৬ হাজার টাকা দেন। কিন্তু আহমেদ আকবর সোবহানসহ অন্য আসামিরা দলিল না দিয়ে দুই বাদীর কাছে অতিরিক্ত টাকা দাবি করেন। অন্যথায় প্লট বরাদ্দ দলিল বাতিল করবেন বলে হুমকি দেন।