প্রতারণা ও অর্থ আত্মসাতের একটি মামলায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম ফারহানা ফেরদৌস এ আদেশ দেন।অন্য চার আসামি হলেন আহমেদ আকবর সোবহানের ছেলে ও বসুন্ধরা গ্রুপের পরিচালক শাহাদাৎ সোবহান, ইস্টওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্টের ভাইস চেয়ারম্যান মাহবুব মোরশেদ হাসান, উপব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল ইসলাম ও এজিএম (এস্টেট) এম এ হাসান।বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের পরিচালক সেলিম আহমেদ গত বছরের ২৭ ডিসেম্বর মুখ্য মহানগর হাকিম আদালতে এ পাঁচজনের বিরুদ্ধে নালিশি মামলাটি করেন। আদালত বাদীর জবানবন্দি নিয়ে বাড্ডা থানার পুলিশকে ঘটনার তদন্ত করে প্রতিবেদন দাখিলের আদেশ দেন। পুলিশ তদন্ত করে প্রতিবেদন দাখিল করলে আদালত গতকাল তাঁদের বিরুদ্ধে এ আদেশ দেন।মামলার আরজিতে বলা হয়, বাদী সেলিম আহমেদ ২০০৭ সালে বসুন্ধরা বারিধারা প্রকল্পের পাঁচ কাঠার তিনটি প্লট কিনতে চুক্তিবদ্ধ হন। ৭৫ লাখ টাকা বুকিং মানি নিয়ে তিনি প্লট বরাদ্দসংক্রান্ত দলিল নেন। এরপর আসামিরা বাদীর কাছে তিন কোটি টাকা ও রেজিস্ট্রেশন বাবদ খরচ দাবি করেন। ২০০৭ সালের ২৫ আগস্ট থেকে ২০০৮ সালের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন তারিখে তিনি আসামি প্রতিষ্ঠানে তিন কোটি ৯৫ লাখ ৩৪ হাজার ৪২৯ টাকা দেন। কিন্তু প্রতিটি দলিলে বিক্রয়মূল্য ২০ লাখ টাকা দেখানো হয়। এতে তিনটি দলিলে মোট তিন কোটি ১৫ লাখ টাকা কম দেখিয়ে তা নিজেরা আত্মসাৎ করেন।