বসুন্ধরার চেয়ারম্যানসহ ১০ জনের বিরুদ্ধে পরোয়ানা
জালিয়াতি ও প্রতারণার অভিযোগে করা মামলায় ইস্ট ওয়েস্ট প্রোপার্টি ডেভেলপমেন্ট (প্রা.) লিমিটেড এবং বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আহমেদ আকবর সোবহানসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৈয়বুল হাসান এ আদেশ দেন। একই সঙ্গে তিনি আগামী ৮ আগস্ট গ্রেপ্তারি পরোয়ানা জারিসংক্রান্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন ধার্য করেন। অন্য আসামিরা হলেন: জাল আমমোক্তারগ্রহীতা মো. লিটন, জাল দলিল লেখক আবুল হোসেন ও মোফাজ্জেল হোসেন, সাক্ষী ও শনাক্তকারী শেখ ফরিদ, আক্তার হোসেন ও আনিছ এবং এ কাজে সহায়তাকারী আবদুল করিম, সামসুদ্দিন ও রহিম মিয়া।গত ৭ মে দক্ষিণ কেরানীগঞ্জ থানার কুমলিভিটা গ্রামের আবেদ আলীর ছেলে নূর মোহাম্মদ বাদী হয়ে ঢাকার বিচারিক হাকিমের আদালতে মামলাটি করেন। আদালত দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। থানার পুলিশ পরিদর্শক বেলায়েত হোসেন ঘটনার তদন্ত করে ২৯ মে আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে বলা হয়, বাদী আবেদ আলী একজন বৃদ্ধ লোক। বিবাদী লিটন গং একে অপরের পরিচিত। আবেদ আলী কাউকে আমমোক্তার নিযুক্ত করেননি। কিন্তু আসামি লিটন জাল আমমোক্তার করে প্রতারণার মাধ্যমে গত বছর ২৫ অক্টোবর একটি জাল দলিল তৈরি করেন। আসামি করিমকে জমির মালিক আবেদ আলী হিসেবে সাব-রেজিস্ট্রার দপ্তরে দাঁড় করিয়ে এই জাল দলিল রেজিস্ট্রি করা হয়। পরে সেই জমি অন্যত্র (ইস্ট-ওয়েস্ট প্রোপার্টিস ডেভেলপমেন্ট লিমিটেড) বিক্রি দেখায়। আসামিরা পরস্পরের যোগসাজশে প্রতারণার মাধ্যমে এই কাজ করেছেন।