বসুন্ধরার চেয়ারম্যানের বিরুদ্ধে মামলায় সমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, তাঁর ছেলে শাহাদাত সোবহানসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নর্থ সাউথ ইউনিভার্সিটির চেয়ারম্যান ও ব্যবসায়ী মোহাম্মদ শাহাজাহান মামলাটি দায়ের করেন।আদালত আগামী ২০ ফেব্রুয়ারি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানসহ চারজনকে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন। মহানগর হাকিম হাসিবুল হক এ আদেশ দেন।মামলার অন্য আসামিরা হলেন ইস্টওয়েস্ট ডেভেলপমেন্ট প্রপার্টিজের ভাইস চেয়ারম্যান মাহবুব মোরশেদ হাসান ও উপব্যবস্থাপনা পরিচালক তৌহিদুল ইসলাম।মামলার আরজিতে অভিযোগ করা হয়, ২০০৭ সালে বারিধারা প্রকল্প নির্মাণ উপযোগী সব ধরনের অবকাঠামো ও সুযোগ-সুবিধাসম্পন্ন আকর্ষণীয় লোকেশনে সীমিতসংখ্যক রেডি প্লট বিশেষ ছাড়ে এককালীন মূল্যে বিক্রির জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়। বাদী মোহাম্মদ শাহাজাহান ওই বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে আসামিদের প্রতিষ্ঠান বসুন্ধরা সিটি টাওয়ারে অবস্থিত ইস্টওয়েস্ট ডেভেলপমেন্ট প্রপার্টির প্রধান কার্যালয়ে যোগাযোগ করেন। তিনি বারিধারা প্রকল্পের ২৩৩ ও ২৩৪ নম্বরের পাঁচ কাঠার দুটি প্লট কিনতে চুক্তিবদ্ধ হন। ২০০৭ সালের ২৫ আগস্ট থেকে ২০০৮ সালের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন তারিখে বাদী আসামির প্রতিষ্ঠানে প্লট বাবদ দুই কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ২৮৬ টাকা দেন। এর পরও আসামিরা বাদীকে প্লট বুঝিয়ে দেননি। বাদী পরে টাকা ফেরত চাইলে আসামিরা টাকা দিতেও অস্বীকার করেন। গত ৩০ অক্টোবর এ ঘটনা ঘটে।বাদীপক্ষের আইনজীবী হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও অন্য আসামিরা প্লট বুঝিয়ে না দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের চেষ্টা করার অভিযোগে মামলাটি করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি নিয়েছেন।