ডাকাতির অভিযোগে বসুন্ধরা গ্রুপের ছয় নিরাপত্তাকর্মীকে গতকাল রোববার গ্রেপ্তার করেছে রাজধানীর খিলক্ষেত থানার পুলিশ। গত ২৭ এপ্রিল খিলক্ষেত বেপারিপাড়ার একটি বাড়িতে ডাকাতির অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান জানান, আটক ব্যক্তিরা বসুন্ধরা গ্রুপের নিজস্ব নিরাপত্তা বাহিনীতে কর্মরত। তাঁরা ডাকাতির কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন সোহেল রানা ওরফে রুবেল (১৮), সফিকুল ইসলাম (২৩), তারাজুল ইসলাম (২৯), কামরুজ্জামান মোল্লা (৩০), আমিনুল ইসলাম (২১) ও আবুল কালাম আজাদ (২৯)। এদের মধ্যে প্রথমে সোহেল রানাকে গতকাল দুপুরে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী খিলক্ষেতের তালেরটেকে (কলাবাগান) বসুন্ধরা গ্রুপের একটি স্থাপনা থেকে অন্যদের গ্রেপ ্তার করা হয়। রাতে পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এঁদের বসুন্ধরার নিরাপত্তাকর্মী বলে উল্লেখ করা হয়।ওসি বদিউজ্জামান প্রথম আলোকে জানান, গ্রেপ্তারকৃতরা বসুন্ধরার বিভিন্ন স্থাপনায় নিরাপত্তার দায়িত্ব পালন করতেন। ওই ডাকাতির ঘটনায় মূলত সাতজন জড়িত ছিলেন। তাঁদের হোতা কুড়াতলীর জব্বারকে এখনো পাওয়া যায়নি।গতকাল রাতে পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যানুযায়ী অস্ত্র ও ডাকাতির মালামাল উদ্ধারে বিভিন্ন জায়গায় অভিযান শুরু করেছে পুলিশ।পুলিশ জানায়, গত ২৭ এপ্রিল রাতে খিলক্ষেত থানাধীন বেপারিপাড়ায় মনসুর আলীর বাড়ি থেকে ডাকাতেরা ৬০ হাজার টাকা, মুঠোফোন, সোনার অলংকারসহ প্রায় সোয়া দুই লাখ টাকার মালামাল নিয়ে যায়। পরে ডাকাতি হওয়া মুঠোফোনের সূত্র ধরেই তাঁদের গ্রেপ্তার করা হয়।এ বিষয়ে বসুন্ধরা গ্রুপের মুখপাত্র আবু তৈয়বের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।পরীক্ষার খাতাসহ গ্রেপ্তার ১: জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার খাতার প্রচ্ছদসহ ৪৫টি খাতা, পরীক্ষার তিনটি উত্তরপত্রসহ সুকুমার সাহা নামের একজনকে গতকাল দুপুরে গ্রেপ্তার করেছে র্যাব-৩।হেরোইন ও মাইক্রোবাসসহ গ্রেপ্তার ২: গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে ২৫০ গ্রাম হেরোইনসহ মোসলেম খাঁ ও তোলা মিয়া নামের দুজনকে গাবতলী থেকে গ্রেপ্তার করেছে দারুস সালাম থানার পুলিশ।ফেনসিডিলসহ গ্রেপ্তার ২: শনিবার রাতে গোয়েন্দা পুলিশের একটি দল জুরাইন এলাকা থেকে ৯৫ বোতল ফেনসিডিলসহ দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন চান মিয়া ও নাহিদ।