বসুন্ধরার দুই নিরাপত্তাকর্মী গ্রেপ্তার, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নর্দ্দা এলাকায় রাস্তায় গাড়ি দাঁড়ানোকে কেন্দ্র করে বচসার পর গতকাল মঙ্গলবার বসুন্ধরা গ্রুপের কর্মীরা পুলিশকে মারধর করেছেন বলে অভিযোগ পুলিশের। এ ঘটনায় পুলিশ বসুন্ধরার দুই নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করেছে।বাড্ডা থানার পুলিশ জানায়, বেলা ১১টার দিকে নর্দ্দা ক্রসিংয়ে পুলিশের একটি রিকুইজিশন করা মাইক্রোবাসের চালকের সঙ্গে বচসা হয় বসুন্ধরার এক কর্মকর্তার গাড়িচালকের। বসুন্ধরা আবাসিক এলাকার প্রধান প্রবেশমুখের পাশে এ ঘটনা ঘটে। এরপর ওই গাড়িচালক গাড়ি থেকে নেমে পুলিশের চালককে গালাগাল ও মারধর শুরু করেন। ওই গাড়িতে করে কর্তব্য পালন করছিলেন উপপরিদর্শক শেখ সাইফুল ইসলাম, কনস্টেবল শফিকুল ইসলাম ও আনসারসদস্য হাবিব। এরপর গাড়িতে থাকা পুলিশের সদস্যরা নিজেদের পরিচয় দিলে তাঁরা বসুন্ধরার নিরাপত্তাকর্মীদের খবর দিয়ে নিয়ে আসেন। এরপর বসুন্ধরার কর্মীরা চালকসহ গাড়িতে থাকা চারজনকে বসুন্ধরার ভেতরে নিয়ে গিয়ে মারধর করেন ও আটকে রাখেন। পরে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ একটি দল গিয়ে তাঁদের উদ্ধার করে নিয়ে আসে।বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, এ বিষয়ে ঘটনার শিকার উপপরিদর্শক বাদী হয়ে রাতে সাতজনসহ অজ্ঞাত পরিচয় ১৫-২০ জনকে আসামি করে মামলা করেছেন। মামলায় নাম উল্লেখ থাকা সাতজন হলেন বসুন্ধরার উপদেষ্টা মাহাবুব মোর্শেদ, নিরাপত্তা কর্মকর্তা শেখ এহসান রেজা, নিরাপত্তাকর্মী তিতুমীর, জাকারিয়া, শরীফুল ইসলাম, তৈয়বুর রহমান ও জয়। এঁদের মধ্যে জাকারিয়া ও তিতুমীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে বসুন্ধরার মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।