বসুন্ধরার পরিচালককে কেন জরিমানা করা হবে না, জানতে চেয়েছেন আদালত
অপহরণের অভিযোগে মিথ্যা মামলা করায় বসুন্ধরা গ্রুপের পরিচালক শামসুদ্দিন আহমেদকে কেন এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন আদালত। তাঁকে সাত দিনের মধ্যে এ বিষয়ে জবাব দিতে বলেছেন আদালত।গতকাল বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু জাফর মো. কামরুজ্জামান এ আদেশ দেন।বসুন্ধরা গ্রুপের পরিচালক শামসুদ্দিন আহমেদ বাদী হয়ে দায়ের করা এই মিথ্যা মামলায় আসামি করা হয় যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামসহ চারজনকে। পরে ২০০৭ সালের ১৫ জুলাই যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম, তাঁর ছেলে শামীম ইসলামসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। গতকাল ছিল অভিযোগ গঠন বিষয়ে শুনানির তারিখ। শুনানির সময় আদালত মন্তব্য করেন, মামলাটি মিথ্যা ও বিরক্তিকর। তুচ্ছ কারণে এই মামলা করা হয়েছে। আদালত অভিযোগপত্রভুক্ত আসামিদের মামলা থেকে অব্যাহতি দেন। একই সঙ্গে মিথ্যা মামলার দায়ে বাদীকে কারণ দর্শানোর নোটিশ করেন।সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি মকবুল হোসেন প্রথম আলোকে বলেন, মিথ্যা মামলা করার কারণে আদালত ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারায় কেন বাদীকে জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেওয়া হবে না, তা জানতে চেয়েছেন।আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ১৬ জুন বাদী শামসুদ্দিন আহমেদ তাঁর আইনজীবীর মাধ্যমে আদালতের বাইরে আপস-মীমাংসা করে মামলাটি প্রত্যাহারের জন্য আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, ‘আমি বসুন্ধরা গ্রুপের পরিচালক। যমুনা গ্রুপের চেয়ারম্যান ও অন্যান্য আসামিদের সঙ্গে ব্যবসায়িক প্রতিযোগিতা হেতু আমাদের মধ্যে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। আদালতের বাইরে আত্মীয়স্বজনের সহযোগিতায় মামলাটি আপস-মীমাংসা করা হয়েছে। উপরোক্ত অবস্থায় আমি মামলাটি প্রত্যাহারের অনুমতি প্রার্থনা করছি।’বসুন্ধরার নিরাপত্তাকর্মী জাহিদ হোসেনকে প্রগতি সরণি এলাকা থেকে অপহরণের অভিযোগে ২০০৬ সালের ১৮ আগস্টে বাড্ডা থানায় এ মামলা করা হয়।