বসুন্ধরার ভেতর যেন ধ্বংসস্তূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বসুন্ধরা সিটি শপিং মলের দোকান মালিক ও কর্মচারীদের ভেতরে ঢোকার অনুমতি দেয় কর্তৃপক্ষ। এ সময় প্রত্যেকের পরিচয়পত্র যাচাই করে বসুন্ধরা সিটি কর্তৃপক্ষ। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
বসুন্ধরা সিটি শপিং মলের দোকান মালিক ও কর্মচারীদের ভেতরে ঢোকার অনুমতি দেয় কর্তৃপক্ষ। এ সময় প্রত্যেকের পরিচয়পত্র যাচাই করে বসুন্ধরা সিটি কর্তৃপক্ষ। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

ঝাঁ-চকচকে দোকানগুলো যেন ধ্বংসস্তূপ। দেয়ালের রং বোঝা যায় না। কালো দেয়াল, ছাদও কালো। সিলিংয়ের কোনো চিহ্ন নেই। ছাদ থেকে ঝুলছে শুধু শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের ধাতব পাইপগুলো। ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে আধপোড়া জুতা, ভাঙা শাটার। দোকানের সাজসজ্জার সামগ্রী ভেঙেচুরে পড়ে রয়েছে। মেঝেতে জমে রয়েছে পানি। দৃশ্যটি বসুন্ধরা সিটির ছয়তলার।
বসুন্ধরা সিটির ছয়তলার একজন জুতা ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতা নিজের দোকানের অবস্থা দেখতে ওপরে উঠেছিলেন। মুঠোফোনে ছবি তুলেছেন। নিচে নেমে এসে তিনি সেসব ছবি দেখান। ছবিতে ছয়তলার সি ব্লকে এ রকম অবস্থা দেখা যায়। নিজের রুটি-রুজি নিয়ে শঙ্কিত এই ব্যবসায়ী বলেন, দোকানের কিছুই অবশিষ্ট নেই। তাঁর দোকানের প্রায় ২০ লাখ টাকার মালামালের পুরোটাই ছাই হয়ে রয়েছে। তিনি বলছিলেন, ‘সম্ভবত ছয়তলার সি ব্লকের কারও দোকানের কোনো মালামাল অক্ষত নেই।’
আগুন লাগার তিন দিন পর গতকাল বুধবার ছয়তলা বাদে অন্য তলাগুলোর ব্যবসায়ীদের বসুন্ধরা সিটি কর্তৃপক্ষ ভেতরে ঢুকতে দেয়। গতকাল দুপুরে বসুন্ধরার সামনে গিয়ে দেখা যায়, সারি বেঁধে ভেতরে ঢোকার জন্য দাঁড়িয়ে রয়েছেন কয়েক শ ব্যবসায়ী ও দোকানকর্মী। বসুন্ধরার নিজস্ব নিরাপত্তাকর্মীরা প্রত্যেকের পরিচয় যাচাই করে নিশ্চিত হয়ে তাঁদের ভেতরে ঢুকতে দিচ্ছেন। যার কারণে দীর্ঘ সারি পড়ে গেছে বাইরে।
ভেতরে ঢোকার পরে ব্যবসায়ীরা জানিয়েছেন, ছয়তলার সি ব্লকের শতাধিক দোকানের কোনোটাই অবশিষ্ট নেই। সাততলার সি ব্লকেরও কিছু দোকান পুড়েছে। পোড়া দোকানগুলো ছাড়াও পানি ও ধোঁয়ার কারণে কাপড়, প্রযুক্তিপণ্য, ইলেকট্রনিক সামগ্রীসহ অন্যান্য দোকানের মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।
একজন কাপড় ব্যবসায়ী বলেন, ঝুলিয়ে রাখা কাপড়ে কালচে স্তর পড়েছে, ধোঁয়ার পোশাকগুলো দুর্গন্ধময় হয়ে গেছে। দোকানের ভেতরে ঢোকার পরে পাঁচতলার মুঠোফোনের দোকান রাতুল টেলিকমের মালিক শাকিল মাহমুদ প্রথম আলোকে বলেন, পাঁচতলায় বি ব্লকে তাঁর মুঠোফোনের দোকানের মালামাল মোটামুটি অক্ষতই রয়েছে। বিভিন্ন দোকানে পানি ঢুকে কিছু ক্ষতি হয়েছে। এখন তাঁরা পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন। তবে ছয়তলার সি ব্লকে শ খানেক দোকানের কোনোটাই অবশিষ্ট নেই।
বসুন্ধরা সিটি দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ছয়তলার সি ব্লকের এক শর বেশি দোকান পুড়ে ছাই হয়েছে। এ ছাড়া সাততলার সি ব্লকেরও কিছু দোকান পুড়েছে। এর মধ্যে খ্যাতনামা ব্র্যান্ডের পণ্যের দোকান ইনফিনিটি মেগা মল ও এক্সটাসিও রয়েছে। তিনি বলেন, গতকাল ছয়তলা ছাড়া অন্যান্য তলার ব্যবসায়ী ও কর্মচারীরা দোকানে ঢুকেছেন। তাঁরা নিজেদের দোকানপাট পরিষ্কার করেছেন। ছয়তলা ও সাততলার পোড়া অংশটি হার্ডবোর্ড দিয়ে ঢেকে অচিরেই বেচাকেনা শুরু হবে।
জানতে চাইলে গোলাম মাওলা বলেন, ‘আশা করছি, ঈদের আগেই বেচাকেনার জন্য মার্কেট খুলে দেওয়া হবে।’
গত রোববার বেলা ১১টার দিকে রাজধানীর পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলের ছয়তলার সি ব্লকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, আগুন লাগার প্রায় ৩১ ঘণ্টা পরে পরদিন বিকেল সাড়ে পাঁচটার দিকে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং আগুনের কারণ জানতে তদন্ত চলছে।