বসুরহাটে জামায়াত নিয়ে দুশ্চিন্তায় বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত স্বতন্ত্র মেয়র প্রার্থীকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছে বিএনপি। জাতীয় রাজনীতির প্রভাবশালী দুই নেতার এ এলাকায় নির্বাচনী পরিবেশ নিয়ে এখন পর্যন্ত কারও অভিযোগ নেই। তবে নির্বাচনের আগে এ পরিবেশ পাল্টে যেতে পারে বলে আশঙ্কা রয়েছে ভোটারদের।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এলাকা কোম্পানীগঞ্জ। এখানে সরকারি দল আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচন করছেন বর্তমান মেয়র আবদুল কাদের মির্জা। তিনি ওবায়দুল কাদেরের ছোট ভাই। আবদুল কাদের মির্জা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের প্রথম মেয়াদেও মেয়র ছিলেন।
বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন আরেক সাবেক মেয়র কামাল উদ্দিন চৌধুরী। জামায়াতের কোম্পানীগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসাইন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোবাইল ফোন প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এ ছাড়া জাসদের (ইনু) মোকাররম বিল্লাহ নির্বাচনে থাকলেও মাঠে দেখা যাচ্ছে না তাঁকে।
স্থানীয় এলাকাবাসী ও রাজনৈতিক নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনে সরকারদলীয় প্রার্থী আবদুল কাদের মির্জাকে নির্বাচনে মনোনয়ন পেতে কোনো চ্যালেঞ্জের মুখেই পড়তে হয়নি। বর্তমান মেয়র হওয়ার কারণে এবারের নির্বাচনে অগ্রাধিকার পেয়েছেন।
কিন্তু প্রার্থী নির্বাচন করতে গিয়ে বিপাকে পড়তে হয়েছে বিএনপিকে। সাবেক মেয়র কামাল উদ্দিন চৌধুরী আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি নির্বাচনে প্রার্থী হবেন না। ফলে দলের পক্ষ থেকে তিনজন নির্বাচনের মাঠে নেমে যান। পরিস্থিতি সামাল দিতে মওদুদ আহমদ সব মনোনয়নপ্রত্যাশীকে নিয়ে বৈঠক করে কামাল চৌধুরীকেই প্রার্থী হিসেবে ঘোষণা দেন।
প্রার্থী হওয়া নিয়ে কামাল উদ্দিন চৌধুরীর দোদুল্যমানতার সময় জামায়াতের পক্ষ থেকে নির্বাচনে লড়ার ঘোষণা দিয়ে মাঠে নামেন মোশাররফ হোসাইন। কেন্দ্রীয়ভাবে জোটের অংশীদার হলেও তাদের সঙ্গে আলোচনা না করে প্রার্থী দেওয়ায় ক্ষুব্ধ জামায়াত দলীয় সিদ্ধান্তের আলোকেই নির্বাচন করছে। মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নেওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি। কোনো গুরুত্বও দেয়নি। তিনি বলেন, তাঁদের বড় একটা ভোটব্যাংক আছে এ এলাকায়। তাই নিজেদের শক্তির প্রমাণ দিতে তাঁরা মাঠে আছেন এবং শেষ দিন পর্যন্ত থাকবেন।
এ বিষয়ে বিএনপির কোম্পানীগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আবদুল হাই সেলিমও জামায়াতের সঙ্গে আলোচনা না হওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, তৃণমূল নেতাদের সঙ্গে আলোচনা করেই কেন্দ্রে তাঁদের মনোনীত প্রার্থীর নাম পাঠানো হয়েছে। আর এ নির্বাচনে তো জামায়াতকে সঙ্গে নিয়ে জোটবদ্ধভাবে নির্বাচন হচ্ছে না। তাই তাদের সঙ্গে আলোচনা হয়নি।
এবারের নির্বাচনে জামায়াতের আবদুল মান্নান ও মো. মহিউদ্দিন কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন। তাঁরা দুজন বর্তমান কাউন্সিলর। স্থানীয় রাজনৈতিক সূত্রগুলো বলছে, নিজেদের ভোটব্যাংক কাজে লাগিয়ে দলকে শক্তিশালী করা এবং বিএনপিকে নিজেদের অবস্থান সম্পর্কে জানান দিতে জামায়াত নির্বাচন করছে। তারপরও তাঁদের ধারণা, নির্বাচনের আগে জামায়াত বিএনপির সঙ্গে এক হয়ে বিএনপি প্রার্থীর পক্ষে কাজ করতে পারে। আওয়ামী লীগের মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জার ধারণাও তাই। কিন্তু জামায়াতের প্রার্থী মোশাররফ হোসাইন বলেন, ‘প্রশ্নই আসে না’।
বিএনপির স্থানীয় নেতা-কর্মীদের ভাষ্য, জামায়াতের প্রার্থীকে নিয়ে দলের মধ্যে দুশ্চিন্তা রয়েছে। তাঁদের ধারণা, জামায়াতের প্রার্থী না থাকলে বিএনপি প্রার্থীর জন্য সুবিধা হতো। এ ছাড়া বিএনপির মেয়র পদে প্রার্থী হতে চাওয়া তিনজনকে নিয়েও দলের মধ্যে একধরনের দুশ্চিন্তা রয়েছে। এখনো এ তিনজন দলীয় প্রার্থীর পক্ষে মাঠে নামেননি।
অন্যদিকে নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রার্থী ও ভোটাররা। স্থানীয় ভোটার ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ খুবই ভালো। জমজমাট প্রচার চলছে তিন প্রার্থীর পক্ষ থেকে। সরকারি দলের প্রার্থীর পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বীদের ওপর কোনো চাপ নেই।
কামাল উদ্দিন চৌধুরী বলেন, জাতীয় পর্যায়ের দুই নেতা মওদুদ আহমদ ও ওবায়দুল কাদেরের মধ্যে সৌহার্দ্য ও হৃদ্যতার সম্পর্ক রয়েছে। তাঁরাও এ এলাকায় শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে নির্দেশনা দিয়েছেন নিজ নিজ দলের নেতা-কর্মীদের। তাই এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি।
ভোটের দিনে আশঙ্কার কথা উড়িয়ে দিয়ে আবদুল কাদের মির্জা বলেন, ‘আমাদের পক্ষ থেকে নির্বাচনে কোনো প্রভাব বিস্তার করার চেষ্টা করার প্রশ্নই আসে না। মানুষ নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।’