বসুরহাটে শিবিরের মেসে রহস্যজনক অগ্নিকাণ্ড
নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট শহরে জামায়াতের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের একটি মেসে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে শহরের মডার্ন হাসপাতালের বিসমিল্লাহ মঞ্জিলে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে রাতভর পুলিশ অগ্নিকাণ্ডের স্থলটি ঘিরে রাখে। এই নিয়ে ছাত্রলীগ ও শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে হঠাত্ ওই মেসে আগুন লেগে যায়। খবর পেয়ে তাত্ক্ষণিক কোম্পানীগঞ্জের ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভান। কিন্তু তার আগেই আধাপাকা ঘরের ভেতরের তিনটি কক্ষে শিবিরের কর্মীদের বইপত্র ও আসবাবসহ অন্যান্য সামগ্রী পুড়ে যায়। খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং অগ্নিকাণ্ডের স্থল ঘিরে ফেলে। সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) জাবেদুর রহমান প্রথম আলোকে জানান, প্রাথমিক তদন্তে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে মনে হচ্ছে। কোম্পানীগঞ্জের বসুরহাট পৌর জামায়াতের সভাপতি মোশারফ হোসেন অভিযোগ করেন, ছাত্রলীগের কর্মীরা তাঁদের মেসে আগুন ধরিয়ে দিয়েছেন। তবে উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল হক জামায়াতের অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, আগুন লাগার মুহূর্তে সেখান থেকে বিকট শব্দ শোনা যায়। শিবিরের কর্মীরাই হয়তো সেখানে বোমা রেখেছিলেন, যার বিস্ফোরণে আগুন ধরে যায় এবং তাঁদের কর্মীরা আহত হন।উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান প্রথম আলোকে জানান, কোম্পানীগঞ্জে আওয়ামী লীগ কিংবা অঙ্গসংগঠনের সঙ্গে কোনো দলের কোনো বিরোধ নেই। অগ্নিকাণ্ডের ঘটনাটি তাদের ভেতরকার কোনো সমস্যার কারণে হতে পারে।