হ্যাঙ্গারে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি উড়োজাহাজের ধাক্কার ঘটনায় গতকাল মঙ্গলবার তদন্ত কমিটি গঠন করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। চার সদস্যের এই কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এদিকে গত রোববার ওই ধাক্কার ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়ে দুটি উড়োজাহাজই উড্ডয়ন অনুপযোগী হয়ে বসে গেছে (গ্রাউন্ডেড)। আগে থেকেই বসে আছে আরও দুটি উড়োজাহাজ। বহরের ২১টি উড়োজাহাজের মধ্যে চারটি বসে যাওয়ায় ফ্লাইটসূচি ঠিক রাখতে হিমশিম খেতে হচ্ছে বিমানকে। এর মধ্যে রোববারের ঘটনার পর দুবাইগামী একটি ফ্লাইট বাতিল করা হয়। এ ছাড়া কয়েক দিন ধরেই বিমানের বিভিন্ন ফ্লাইট দেড় থেকে আড়াই ঘণ্টা পর্যন্ত বিলম্ব হচ্ছে।
‘অসতর্কতার জন্য এ ঘটনা ঘটেছে। ক্ষতির পরিমাণ আপাতত বলা যাচ্ছে না। তদন্ত কমিটির প্রতিবেদন পেলে বলা যাবে।’মো. মাহবুব আলী, বিমান প্রতিমন্ত্রী
যদিও বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী প্রথম আলোর কাছে দাবি করেন, ফ্লাইটসূচিতে তেমন একটা প্রভাব পড়েনি।
বিমান সূত্র জানায়, পাখির ধাক্কার (বার্ড হিট) কারণে ১ মাসের বেশি সময় ধরে রক্ষণাবেক্ষণের জন্য বসে আছে একটি বোয়িং–৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ। তারও আগে থেকে বসে আছে একটি ড্যাশ-৮ উড়োজাহাজ।
এই দুটি উড্ডয়ন উপযোগী হওয়ার আগেই গত রোববার আরও অসতর্কতার কারণে ক্ষতিগ্রস্ত হয় দুটি উড়োজাহাজ। সংশ্লিষ্ট সূত্র জানায়, এদিন একটি বোয়িং-৭৩৭ উড়োজাহাজকে হ্যাঙ্গার থেকে বের করার সময় সেখানে থাকা আরেকটি উড়োজাহাজকে (বোয়িং–৭৭৭) ধাক্কা দেয়।
বিমানের একাধিক সূত্র বলছে, উড়োজাহাজটি হ্যাঙ্গার থেকে বের করার যে নিয়ম বা প্রটোকল রয়েছে, সেটাও যথাযথভাবে মানা হয়নি। এ ঘটনায় বড় অঙ্কের আর্থিক ক্ষতি হয়েছে।
বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘অসতর্কতার জন্য এ ঘটনা ঘটেছে। ক্ষতির পরিমাণ আপাতত বলা যাচ্ছে না। তদন্ত কমিটির প্রতিবেদন পেলে বলা যাবে।’ তিনি বলেন, ক্ষতিগ্রস্ত উড়োজাহাজ দুটি নিজস্ব প্রকৌশলী দিয়ে মেরামত করা হচ্ছে। এর মধ্যে বোয়িং–৭৭৭ উড়োজাহাজটির সামনে (নোজ) আবহাওয়ার বার্তা ধরার যন্ত্র র্যাডম পুনঃস্থাপন করা হয়েছে। সেটি আজ বুধবার আকাশে উঠবে। আর বোয়িং ৭৩৭–এর লেজের ‘হরাইজন্টাল স্ট্যাবিলাইজার’ ভেঙেছে, সেটিও ঠিক করা হচ্ছে।