বস্তাবন্দী জীবিত ব্যক্তি উদ্ধার
শরিফুল ইসলাম (৩০) নামে বস্তাবন্দী জীবিত এক ব্যক্তিকে উদ্ধার করেছে পঞ্চগড় থানার পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে নয়টায় পঞ্চগড় বিপি সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে থেকে তাঁকে উদ্ধার করা হয়। এলাকাবাসীর কয়েকজন বস্তাবন্দী ব্যক্তি দেখে পুলিশে খবর দেন। শরিফুলের বাড়ি দিনাজপুর মেডিকেল কলেজের সামনে। তাঁর ভাইয়ের নাম মঞ্জুরুল বলে পুলিশ জানিয়েছে। শরিফুল কোনো কথা বলতে পারছেন না। তাঁকে নেশাজাতীয় দ্রব্য খাওয়ানো হয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। চিকিৎসার জন্য শরিফুলকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পঞ্চগড় থানার এসআই বাবুল হোসেন জানান, পঞ্চগড় বিপি সরকারি উচ্চবিদ্যালয়ের সামনে বস্তাবন্দী অবস্থায় শরিফুলকে দেখতে পেয়ে ওই এলাকার সফিক নামে এক ব্যক্তি পঞ্চগড় থানায় ফোন করেন। খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, শরীফুলকে নেশাজাতীয় দ্রব্য খাওয়ানো হয়েছে।