বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ব্যবসায়ীর বস্তাবন্দী লাশ উদ্ধারের মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নগরের বাকলিয়ার কালা মিয়া বাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাঁরা হলেন মো. বশর, মো. জালাল ও মো. মনির।
গত ২৯ জানুয়ারি চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার কালা মিয়ার বাজার এলাকার একটি খাল থেকে বস্তাবন্দী অবস্থায় মো. সোহেল (২৫) নামের এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ। এর তিন দিন আগে তিনি নিখোঁজ হয়েছিলেন। নগরের কালা মিয়ার বাজার এলাকায় তাঁর বাবার ঝুটের দোকানে বসতেন তিনি। এ ঘটনায় তাঁর বাবা মোবারক হোসেন বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা করেন।
পিবিআই চট্টগ্রামের পরিদর্শক (গণমাধ্যম) সন্তোষ কুমার চাকমা প্রথম আলোকে বলেন, লাশটি ভ্যানগাড়িতে করে খালে ফেলে দিয়েছিলেন তিন ব্যক্তি। তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। কালা মিয়া বাজার এলাকার স্বপন সরকার ২৮ জানুয়ারি রাতে লাশটি তাঁদের ফেলে দিতে বলেছিলেন। এর বেশি গ্রেপ্তার তিনজন জানাতে পারেননি। গ্রেপ্তার মনির পুকুরটি দেখাশোনা করতেন। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন স্বপন। তাঁকে ধরতে পারলে পুরো রহস্য উদ্ঘাটন করা যাবে।