বস্তাভর্তি ওষুধ নিয়ে চিকিৎসক ধরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে বস্তাভর্তি ওষুধ নিয়ে যাওয়ার সময় এক চিকিৎসা কর্মকর্তাকে আটক করলেন স্থানীয় লোকজন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের তদন্তের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ওই চিকিৎসককে ছেড়ে দেওয়া হয়।এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার মেহেরপুর সিভিল সার্জনের কার্যালয়ে চিকিৎসকদের এক জরুরি সভা ডাকা হয়। সিভিল সার্জন জানান, ওষুধ সরকারি কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার রাত ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের রাত্রিকালীন দায়িত্বে ছিলেন চিকিৎসক অলোক কুমার। এ সময় তিনি হাসপাতালের একটি কক্ষ থেকে ওষুধভর্তি তিনটি বস্তা বের করেন। বস্তাগুলো হাসপাতালের বাইরে একটি রিকশায় তুলে দেওয়ার জন্য চতুর্থ শ্রেণীর কর্মচারী (এমএলএসএস) আখের আলীকে নির্দেশ দেন ওই চিকিৎসক। বিষয়টি রোগী ও অন্যদের নজরে পড়ে। এ সময় হাসপাতালের দর্শনার্থী নাকরাম হোসেন ওই চিকিৎসককে বাধা দেন এবং ওষুধগুলো সরকারি বলে চ্যালেঞ্জ করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে অনেকে জড়ো হন এবং অলোক কুমারকে আটক করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসের পরিপ্রেক্ষিতে চিকিৎসককে ছেড়ে দেওয়া হয়।হাসপাতালের কর্মচারী আখের আলী জানান, চিকিৎসক অলোক কুমারের নির্দেশে তিনি বস্তাভর্তি ওষুধগুলো একটি কক্ষ থেকে বের করে হাসপাতালের বাইরে একটি রিকশায় তুলতে যাচ্ছিলেন। ওষুধগুলো সরকারি কি না, তা তিনি জানেন না।অভিযুক্ত চিকিৎসা কর্মকর্তা অলোক কুমার বলেন, ওষুধগুলো বিভিন্ন রিপ্রেজেনটেটিভের দেওয়া ফিজিশিয়ান-স্যাম্পল। প্রায় দুই মাস ধরে পাওয়া ওষুধ তিনি হাসপাতালের একটি কক্ষে জমা করেছিলেন। মেহেরপুরের সিভিল সার্জন আবদুস শহীদ বলেন, ‘অনেক চিকিৎসক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের (রিপ্রেজেনটেটিভ) মোটরসাইকেলে করে ঘুরে বেড়ান, আড্ডা দেন। এতে চিকিৎসকদের সামাজিক মর্যাদা অনেকাংশে ক্ষুণ্ন হয়। রাতে হাসপাতাল থেকে একজন চিকিৎসকের বস্তাভর্তি ওষুধ নিয়ে যাওয়াটা দর্শনার্থীদের কাছে সন্দেহের মনে হয়েছে। তার পরও বিষয়টি নিয়ে আজ (মঙ্গলবার) জরুরি সভা হয়েছে। ওষুধগুলো সরকারি কি না, তা তদন্ত করা হচ্ছে। তদন্তে সত্যতা মিললে অবশ্যই অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’