বস্তার নিচে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈরের একটি কারখানায় গত বুধবার বালুর বস্তার নিচে চাপা পড়ে চার শ্রমিক গুরুতর আহত হন। তাঁদের মধ্যে রঞ্জিত সরকার (২৩) নামের এক শ্রমিক গতকাল বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
জানা গেছে, উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় ইকোটেক্স লিমিটেড নামের একটি কারখানা রয়েছে। ওই কারখানার ভেতরে পৌরসভার একটি খাল আছে। ওই খালে কারখানার ডাইং বিভাগের বর্জ্য পানি ফেলা হয়। খালটি প্রায় ভরে গেছে। এ কারণে বুধবার কারখানা কর্তৃপক্ষ কয়েকজন শ্রমিক নিয়ে খালটি পরিষ্কার করছিল। ওই খালের এক পাশ বালুভর্তি বস্তা দিয়ে আটকে পরিষ্কার করতে গেলে বস্তার নিচে চার শ্রমিক চাপা পড়েন। পরে কারখানা ও আশপাশের লোকজন সাইফুল ইসলাম, সন্তোষ চন্দ্র, রজব আলী ও রঞ্জিত সরকারকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে রঞ্জিত সরকারের মৃত্যু হয়।