বস্তায় আসলে কত টাকা ছিল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকার বস্তা নিয়ে কোথায় যাচ্ছিলেন? বস্তায় আসলে কত টাকা ছিল? আপনি কত ভাগ পেয়েছেন?
এসব প্রশ্নে জর্জরিত তিনি। কারাবন্দী আসামিদের এমন কৌতূহলে বিরক্ত ও বিব্রত ১৪ মামলার আসামি ও দুর্নীতির দায়ে বরখাস্ত হওয়া রেলওয়ের (পূর্বাঞ্চল) সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা। ফলে নিরাপত্তাজনিত কারণে কারাগার কর্তৃপক্ষ তাঁকে পৃথক সেলে রেখেছেন। বর্তমানে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ৩২ নম্বর সেলে রাখা হয়েছে ইউসুফ আলী মৃধাকে।
এ প্রসঙ্গে জানতে চাইলে মামলার হাজিরা দিতে আসা ইউসুফ আলী মৃধা গত বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে প্রথম আলোকে বলেন, ‘লোকজন আমাকে টিভি ও পত্রপত্রিকায় দেখেছেন। কারাগারে যাওয়ার পর অনেকেই আমার কাছে এসে টাকার বিষয়ে জানতে চান। সাধারণ ওয়ার্ডে লোকজন আমাকে বিরক্ত করায় নিরাপত্তাজনিত কারণে সেলে রাখা হয়েছে।’
তবে মৃধা নিজেকে নির্দোষ দাবি করে জানান, আদালতে ন্যায়বিচার পাবেন তিনি। বস্তাভর্তি টাকা সম্পর্কে কোনো মন্তব্য করেননি তিনি।
বিষয়টির সত্যতা স্বীকার করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া প্রথম আলোকে বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে মৃধাকে সেলে রাখা হয়েছে। বন্দীরা মৃধার কাছে ঘটনা সম্পর্কে জানতে চান। এতে অনেক সময় অপ্রীতিকর ঘটনাও ঘটতে পারে।’
কারা সূত্রে জানা গেছে, ইউসুফ আলী মৃধা কারাগারে যাওয়ার পর থেকে সাধারণ বন্দীরা তাঁর কাছে বস্তাভর্তি টাকার রহস্যসহ নানা বিষয়ে জানতে চান। দুই দিন মৃধাকে সাধারণ ওয়ার্ডে রাখা হলেও পরে কারা কর্তৃপক্ষ তাঁকে ৩২ নম্বর সেলের একটি কক্ষে নিয়ে রাখেন।
জানা গেছে, ২০১২ সালের ৯ এপ্রিল তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের বাসায় যাওয়ার পথে টাকার বস্তাসহ আটক হন মৃধা। এ ঘটনার পর তদন্তে নামে দুদক। মামলা হওয়ার পর দেড় বছর পলাতক থাকলেও ইউসুফ আলী মৃধাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ৩ মার্চ চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন মৃধা। শুনানি শেষে বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।