বস্তায় বসে লেখাপড়ার কষ্ট এখনো কাটেনি!
চার কক্ষের একতলা পাকা বিদ্যালয় ভবন। এর মধ্যে তিনটি শ্রেণীকক্ষ এবং একটি শিক্ষকদের কার্যালয়। প্রথম শিফটে প্রতিদিন সকালে একসঙ্গে চারটি শ্রেণীর পাঠদান শুরু হয়। কক্ষসংকটের কারণে প্রাক-প্রাথমিক (শিশু) শ্রেণীর শিক্ষার্থীদের তখন ঠাঁই হয় বিদ্যালয়ের সামনের বারান্দায় পেতে রাখা প্লাস্টিকের বস্তায়। মৌলভীবাজারের জুড়ী উপজেলা সদরের বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীদের দীর্ঘদিন ধরেই এভাবে কষ্ট সয়ে ক্লাস করতে হচ্ছে।শিক্ষাপ্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, বিদ্যালয়টি ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্বনাথপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় জায়ফরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মরহুম আবদুল মক্তদীর বিদ্যালয়টির নামে দলিলপত্রের মাধ্যমে ৩৩ শতক জমি দান করেন। শ্রেণীকক্ষের সংকটের কারণে ২০০৫-০৬ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সেখানে একটি নতুন পাকা ভবন নির্মাণের উদ্যোগ নেয়। সে সময় জমির মালিকানা দাবি করে দাতার পরিবারের কয়েকজন সদস্য আপত্তি জানালে কাজটি আটকে যায়। একপর্যায়ে ভবনের জন্য বরাদ্দের টাকাও ফেরত চলে যায়। বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ২৭০ জন। শিক্ষিকা আছেন চারজন। দুটি শিফটে পাঠদান হয়। দ্বিতীয় শিফট শুরু হয় দুপুর ১২টায়। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পাঠদান হয় এই শিফটে।গতকাল বুধবার বেলা ১১টার দিকে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের তিনটি কক্ষে প্রথম, দ্বিতীয় ও পঞ্চম শ্রেণীর পাঠদান চলছে। বারান্দায় প্লাস্টিকের বস্তা পেতে পাঠদান চলছে প্রাক-প্রাথমিক শ্রেণীর। এক পাশে বসে পড়াচ্ছেন একজন শিক্ষিকা। খুদে শিক্ষার্থী মাছুমা (৬) বলে, ‘কত সময় বইলে মাথা ঘুরায়।’ ঘাড়ের দিকে ইশারা করে সে বলে, ‘এইখানে ব্যথা করে। খুব কষ্ট অয়।’শিক্ষিকারা জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বারান্দায় পাঠদান সম্ভব হয় না। বৃষ্টি নামলে বারান্দা ভিজে যায়। বর্ষা মৌসুমে এই সমস্যা বেশি হয়। প্রধান শিক্ষিকা আইনুন্নাহার খুদে শিক্ষার্থীদের দুর্ভোগের সত্যতা স্বীকার জানান, জমিসংক্রান্ত বিরোধ মিটমাটের জন্য দাতার পরিবারের সদস্যদের নিয়ে একাধিকবার বৈঠক হয়েছে। কিন্তু তা সফল হয়নি।মরহুম আবদুল মক্তদীরের মেজো ছেলে সিপার রেজা জানান, তাঁরা এ ব্যাপারে আন্তরিক। কিন্তু তাঁদের কয়েকজন চাচার অনড় অবস্থানের কারণে বিষয়টির সমাধান হচ্ছে না।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেমেন্দ্র চন্দ্র নাথ গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ‘বিশ্বনাথপুর বিদ্যালয়ের সমস্যাটি আমি জানি। বিদ্যালয়ের বর্তমান ভবনটিকে দোতলা করা যায় কি না, তা ভেবে দেখা হচ্ছে।’ উল্লেখ্য, বিশ্বনাথপুর প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষের সংকট নিয়ে ২০০৮ সালের ১৫ জুন প্রথম আলোয় ‘আগে আইলে বেঞ্চিত, পরে আইলে বস্তাত’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।