বস্তায় সার মিলছে কম
পাবনার বেড়া উপজেলায় ডিলারদের মাধ্যমে দোকানে আনা প্রতি ৫০ কেজি ইউরিয়ার বস্তায় দুই থেকে আড়াই কেজি করে সার কম পাওয়া যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া মাঝেমধ্যে বস্তায় জমাট বাঁধা অথবা ময়লা মেশানো সার পাওয়া যাচ্ছে বলে খুচরা সার বিক্রেতারা অভিযোগ করেছেন।
হাটুরিয়া বাজারের খুচরা সার বিক্রেতা আমানত আলী বলেন, ‘ইউরিয়া বেচব্যার যায়া আমরা বিপদে আছি। কাফকো ছাড়া অন্যান্য কোম্পানি বিশেষ করে বিদেশ থেকে আমদানি করা ইউরিয়ার বস্তায় প্রায়ই ওজন কম পাওয়া যায়। আবার ময়লা ও জমাট বাঁধা সারও পাওয়া যায়। এই সার বস্তা ধরে নিলে কৃষকের ক্ষতি আর ভেঙে বেচলে আমাগরে ক্ষতি।’ প্রায় একই ধরনের কথা বলেন নাকালিয়া বাজারের সার বিক্রেতা শহীদুল ইসলাম।
হাটুরিয়া বাজারে সার কিনতে আসা জগন্নাথপুর গ্রামের কৃষক আয়নাল হক বলেন, ‘আমার ৩২ বিঘা জমির জন্যে এ পর্যন্ত প্রায় ৩০ বস্তা ইউরিয়া সার নিছি। বেশির ভাগ বস্তাতে দুই থেকে আড়াই কেজি সার কম পাইছি। দোকানদারকে বললি কুনু লাভ হয় না। এখন আমরা কার কাছে যাব?’ একই ধরনের কথা বলেন হাটুরিয়া গ্রামের কৃষক আসকার মণ্ডলসহ কয়েকজন।
বেড়া উপজেলা সার ডিলার (বিসিআইসি) সমিতির সভাপতি আবদুস সাত্তার বলেন, মাঝেমধ্যে কোনো কোনো বস্তায় সার কম পাওয়া যায়। দীর্ঘদিন গুদামে পড়ে থাকলে ও জাহাজে করে আনার সময় বস্তা থেকে সার ঝরে পড়লে এমনটি হতে পারে।
উপজেলার বিভিন্ন এলাকার সার বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, দেশে উৎপাদিত ও আমদানি করা টিএসপি, ইউরিয়াসহ বিভিন্ন প্রকার সার চট্টগ্রাম থেকে জাহাজভর্তি (কার্গো) হয়ে বেড়া উপজেলার নগরবাড়ী ঘাট ও শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরে এসে নামে। সেখান থেকে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার বাফার গুদামে তা সরবরাহ করা হয়। বাঘাবাড়ী নৌবন্দরে অবস্থিত বিসিআইসির বাফার গুদাম থেকে পাবনা ও সিরাজগঞ্জের ডিলাররা সার সরবরাহ নিয়ে থাকেন। ডিলারদের কাছ থেকে সার যায় খুচরা বিক্রেতাদের কাছে। খুচরা বিক্রেতাদের কাছ থেকে বড় কৃষকেরা বস্তাভর্তি সার নিলেও ক্ষুদ্র কৃষকেরা সার নেন কয়েক কেজি করে। এ জন্য বস্তা খুলে সার বিক্রি করতে হয় বিক্রেতাদের।
বেড়া উপজেলা সার ব্যবসায়ী সমিতির সভাপতি (বিএডিসি) মিজানুর রহমান বলেন, দেশে তৈরি ইউরিয়ার বস্তায় ওজন মোটামুটি ঠিক থাকলেও আমদানি করা ইউরিয়ার বস্তায় প্রায়ই দুই থেকে আড়াই কেজি সার কম পাওয়া যায়।
সরেজমিনে নগরবাড়ী ঘাট ও বাঘাবাড়ী নৌবন্দরে দেখা গেছে, বিভিন্ন জাহাজে শ্রমিকেরা বারবার হুক বিঁধিয়ে সারের বস্তা নামানো ও ওঠানোর কাজ করছেন। জাহাজ থেকে সার খালাস করে নদীপাড়ে খোলা জায়গায় রাখা হয়েছে। স্তূপ করে রাখা অনেক বস্তা ফেটে যাওয়ায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে সার। সেসব সারের সঙ্গে মিশছে ময়লা-আবর্জনা।
বাঘাবাড়ী নৌবন্দরের শ্রমিক সরদার আশরাফ প্রামাণিক জানান, বস্তায় হুক লাগানো নিষিদ্ধ। কিন্তু খালি হাতে সারের বস্তা সরানো ও মাথায় উঠানো খুবই কঠিন। এ জন্য বস্তার সামান্য ক্ষতি হলেও হুকের ব্যবহার ছাড়া উপায় নেই।
বিসিআইসির বাঘাবাড়ী বাফার গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুদেব ভট্টাচার্য বলেন, ‘সারের বস্তায় সঠিক ওজনই থাকে। ওজনে কম থাকার ব্যাপারে বা ময়লা থাকার ব্যাপারে আমরা কখনো কোনো অভিযোগ পাইনি।’