রাজধানীর রায়েরবাজারের আজিজ খান রোডের একটি বস্তিতে গতকাল বৃহস্পতিবার শাহিদা বেগম (৪০) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকার বলেন, পুলিশ এ ঘটনায় শাহিদার সতিন আনোয়ারা বেগম ও তাঁর ছেলে সালাউদ্দিনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
প্রতিবেশী বেদন মিয়া হাসপাতালে প্রথম আলোকে জানান, শাহিদা বেগমের স্বামী মফিজ উদ্দিন দুটি বিয়ে করেন। প্রথম স্ত্রী থাকেন রায়েরবাজারের পুলপাড়ে। শাহিদা থাকতেন আজিজ খান রোডে জসিম কমিশনারের বস্তিতে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে মফিজের প্রথম ঘরের দুই ছেলে জসিম কমিশনারের বস্তিতে আসেন। কোনো কথা বলার সুযোগ না দিয়ে তাঁরা চাপাতি নিয়ে শাহিদাকে এলোপাতাড়ি কোপান।
বেদন মিয়া আরও জানান, তাঁর চিৎকারে বস্তিবাসী এগিয়ে গেলে হামলাকারীরা পালিয়ে যান। দ্রুত শাহিদাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শাহিদা বেগমের মেয়ে শামসুন্নাহার মোহাম্মদপুরে একটি কলেজের আবাসিক হোস্টেলে থেকে উচ্চমাধ্যমিক শ্রেণীতে পড়াশোনা করে। মায়ের মৃত্যুর খবরে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে কান্নায় ভেঙে পড়ে।
শামসুন্নাহার জানায়, পুলপাড়ে তার বাবার একটি বাড়ি আছে। তাদের মেনে নিতে পারছিলেন না তার সৎমা (আনোয়ারা বেগম) ও সৎভাইয়েরা। বাবা টাকাপয়সা দিলে সৎভাইয়েরা এসে মাকে মারধর করতেন। কিন্তু মা এ কথা তাকে না বললেও প্রতিবেশীরা জানাত। তার অভিযোগ, সৎমায়ের পরিকল্পনায় সৎভাইয়েরা তার মাকে কুপিয়ে হত্যা করেছেন।
শাহিদার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রামে।