বস্তিতে যুক্তরাষ্ট্রের চিকিৎসাসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাইটস অ্যান্ড সাইট ফর চিলড্রেন বাস্তবায়িত কল্যাণপুর বস্তিতে মার্কিন প্রবাসী চিকিৎ​সকেরা স্কাইপের মাধ্যমে সেবা দেন l প্রথম আলো
রাইটস অ্যান্ড সাইট ফর চিলড্রেন বাস্তবায়িত কল্যাণপুর বস্তিতে মার্কিন প্রবাসী চিকিৎ​সকেরা স্কাইপের মাধ্যমে সেবা দেন l প্রথম আলো

কল্যাণপুরের পোড়াবাড়ি বস্তিতে থাকে প্রায় ১০ হাজার মানুষ। অসুখ-বিসুখে এখন নিম্ন আয়ের এই মানুষগুলো বস্তিতে বসেই পাচ্ছে টেলিমেডিসিন সেবা। স্কাইপের মাধ্যমে বস্তিতে বসেই কথা বলছে যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশি চিকিৎসকের সঙ্গে।
যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি সংগঠন ডিসট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল বাংলাদেশ পরিচালিত একটি হেলথ ক্লিনিকের মাধ্যমে বস্তিবাসীদের এ সেবা দেওয়া হচ্ছে ২০১৪ সাল থেকে। তবে সংগঠনের স্বাস্থ্য নিয়ে বিভিন্ন কার্যক্রম শুরু হয় ২০০৮ সালে। বাংলাদেশে আন্তর্জাতিক এ সংগঠনের হেলথ ক্লিনিকসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে এনজিও রাইটস অ্যান্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি)। টেলিমেডিসিন সেবা এখন আর শুধু বস্তিবাসীর মধ্যে সীমাবদ্ধ নেই, আশপাশের মানুষও এ সেবা নিতে চলে অাসছে হেলথ ক্লিনিকে।
ক্লিনিকের প্রকল্প ব্যবস্থাপক আবদুল বাকী জানালেন, শুক্রবার ছাড়া প্রতিদিন হেলথ ক্লিনিকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়। ক্লিনিকের চিকিৎসকেরাই সপ্তাহে দেখা রোগীদের মধ্য থেকে কাদের এ সেবা লাগবে তা ঠিক করেন। তারপর এই রোগীদের বিভিন্ন তথ্য স্ক্যান করে পাঠিয়ে দেন যুক্তরাষ্ট্রে থাকা চিকিৎসকের কাছে। গতকাল বৃহস্পতিবার সকাল নয়টা থেকে রোগীরা সরাসরি স্কাইপের সামনে বসে চিকিৎসকের সঙ্গে সরাসরি কথা বলেন। প্রতি বৃহস্পতিবার গড়ে সাত থেকে আটজন এ সেবা পান।
গতকাল সকালে বস্তির হেলথ ক্লিনিকটিতে গিয়ে দেখা যায়, ৪৫ বছর বয়সী পারুল বেগম তাঁর মাথার কোন দিকে ব্যথা করে তা দেখাচ্ছেন। আর স্কাইপের মাধ্যমে পারুল বেগমের কথা শুনছেন যুক্তরাষ্ট্রের ইমোরি ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের কার্ডিওলজিস্ট আজিজুল হক। আজিজুল হক পারুল বেগমের পাশে বসা তরুণ চিকিৎসক শেখ মইনুল ইসলামের কাছ থেকে জেনে নিচ্ছেন বিভিন্ন তথ্য। একপর্যায়ে পারুল বেগমের চোখসহ কিছু জিনিস পরীক্ষা করতে বললেন মইনুল ইসলামকে। মইনুল যা যা তথ্য পাচ্ছিলেন তা লিখে জানাচ্ছেন, আর আজিজুল হক কোন ওষুধ কোন মাত্রায় খেতে হবে তা লিখে জানাচ্ছিলেন। আর রোগীকে দিচ্ছিলেন নানান পরামর্শ।
সিনথিয়া তাঁর পাঁচ বছর বয়সী ছেলেকে নিয়ে এসেছেন। ছেলের জ্বর সারছে না। পুষ্প রানী ঘোষ কল্যাণপুর পোড়াবাড়ি বস্তিতে থাকেন না, তিনি এসেছেন অন্য এলাকা থেকে। ভারী কাজ করলে তাঁর জরায়ু বের হয়ে যায়। গত তিন বছরে একবারও কোনো চিকিৎসকের কাছে যাননি। তিনি যখন জানলেন, যে চিকিৎসকের সঙ্গে তিনি কথা বলছেন তিনি আমেরিকায় থাকেন তখন চোখ কপালে তোলার মতো অবস্থা হলো তাঁর। সবশেষে এলেন ২৬ বছর বয়সী এক যুবক। তাঁকে দেখেই আজিজুল হক ঘর থেকে মইনুল ইসলাম ছাড়া অন্যদের বের হয়ে যেতে বললেন। একটু পরে যুবকের শারীরিক পরীক্ষার জন্য ক্লিনিকের রুমটি বন্ধ করে দিলেন মইনুল ইসলাম।
আজিজুল হকের সঙ্গে স্কাইপেতে এই প্রতিবেদকেরও কথা হয়। আজিজুল হক জানালেন, যুক্তরাষ্ট্রে বসবাসকারী একদল বাংলাদেশি চিকিৎসকের একটি নেটওয়ার্ক আছে। তিনি বাংলাদেশ থেকে পাঠানো রোগীর রিপোর্ট হাতে পেয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেন। বাংলাদেশেও বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি নেটওয়ার্ক অাছে। আজিজুল হক দেশের কোন চিকিৎসকের কাছে রোগীকে নিতে হবে তা-ও বলে দেন। দেশে এবং বিদেশে থাকা বিশেষজ্ঞ চিকিৎসকেরা পুরো কাজটি করছেন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে।
আজিজুল হক প্রথম আলোকে বলেন, ‘দূরে থেকে যতটুকু পারি সহায়তা করার চেষ্টা করছি। ক্লিনিকে রোগীদের সব তথ্য সংরক্ষণ করা হচ্ছে। এই ক্লিনিকের জন্য আমরা এখান থেকে তহবিল গঠনেও সাহায্য করি।’
বস্তির রোগীদের ক্লিনিকে অানাসহ নানান কাজে সহায়তা করেন মো. মহসীন, সীমা রানীসহ কয়েকজন সোশ্যাল ওয়ার্কার। মহসীন হাসতে হাসতে বললেন, এলাকায় বের হলে ১০ বার ডাক শুনে থামতে হয়। কেউ চা খাওয়াতে চান, আবার কেউ চান নানান পরামর্শ।
রাইটস অ্যান্ড সাইট ফর চিলড্রেনের প্রধান নির্বাহী কর্মকর্তা সালমা কাদির প্রথম আলোকে বলেন, দরিদ্র বা নিম্ন আয়ের মানুষগুলোর পক্ষে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে পরামর্শ বা সেবা পাওয়ার উপায় নেই। টেলিমেডিসিনের মাধ্যমে তাদের এই সেবা দেওয়া হচ্ছে। যাদের ওষুধ কেনার সামর্থ্য নেই তাদের বিনা মূল্যে আর অন্যদের ৫০ শতাংশ কম দামে ওষুধ দেওয়া হচ্ছে। মা ও শিশুদের ওষুধ দেওয়া হচ্ছে একেবারে বিনা মূল্যে।